বন্দরে পড়ে আছে পোশাক, ক্ষতি ১৮ কারখানার
ফরাসি ক্রেতাপ্রতিষ্ঠান সেন্ট্রাল ভেটের ক্রয়াদেশ অনুযায়ী পোশাক তৈরি করে বিপাকে পড়েছে ১৮ কারখানা। পণ্য তৈরি করে পাঠানো হলেও ক্রেতাপ্রতিষ্ঠানটি তা ছাড় করে নিচ্ছে না। কিছু পণ্য পড়ে আছে ফ্রান্সের একটি বন্দরে, কিছু আছে চট্টগ্রাম বন্দরে। সব মিলিয়ে কারখানাগুলোর ১২ লাখ ১৫ হাজার ১২৮ মার্কিন ডলার আটকে গেছে।
এ সমস্যা সমাধানে নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর দ্বারস্থ হয়েছে ওই ১৮ কারখানা। গত মাসে সংগঠনের কাছে লিখিত অভিযোগ করেছে কারখানাগুলো। বিকেএমইএও সমস্যার কোনো সুরাহা করতে পারছে না।
ভুক্তভোগী একটি প্রতিষ্ঠান হচ্ছে নারায়ণগঞ্জের পঞ্চবটীর বিসিক শিল্পনগরীর এভার ইয়ুথ অ্যাপারেল লিমিটেড। বিকেএমইএতে দেওয়া অভিযোগে প্রতিষ্ঠানটি বলেছে, সেন্ট্রাল ভেটের সঙ্গে ছয় বছর ধরে কাজ করছে তারা। গত জুনে ২ লাখ ৫৭ হাজার ডলারের ক্রয়াদেশ দেয় ফরাসি প্রতিষ্ঠানটি। প্রথমে ৭০ হাজার ডলারের পণ্য পাঠানোতে কোনো সমস্যা হয়নি। পরে তিন দফায় ৩৭ হাজার ৭৫৬ ডলারের পণ্য মন্টেয়ার বন্দরে পৌঁছালেও সেন্ট্রাল ভেট তা ছাড় করায়নি। বিষয়টি মীমাংসা হওয়ার আগেই সংশ্লিষ্ট বায়িং হাউস নিট ফেয়ার সাড়ে ৭৫ হাজার ডলারের পণ্য রপ্তানি করতে বাধ্য করে। শিপিং লাইন ডাকসারের মাধ্যমে এই পণ্য গত ২৫ জুলাই চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। তবে সেখানে কনটেইনারে পণ্য পড়ে আছে।
এভার ইয়ুথ অ্যাপারেলের চেয়ারম্যান রমেন কুমার সেন বলেন, ‘পণ্য বন্দরে যাওয়ার পর শিপিং লাইন আমাদের জানায়, সেন্ট্রাল ভেট দেউলিয়া হয়ে গেছে। তারা আমাদের পণ্য বন্দর থেকে ফেরত আনতে বলে। তবে ইতিমধ্যেই ফ্রেইট ফরোয়ার্ডার ডাকসার কনটেইনার ভাড়া ও অন্যান্য ফি বাবদ ৬২ হাজার টাকা আদায় করেছে। তাদের অসহযোগিতায় পণ্য বন্দর থেকে ছাড় করা যাচ্ছে না।’
রমেন কুমার সেন আরও বলেন, ঋণপত্রের বিপরীতে ১ লাখ ৩৮ হাজার ডলার ব্যাক টু ব্যাক ঋণ নেওয়া হয়েছে। ক্রেতাপ্রতিষ্ঠান পণ্য না নেওয়ায় ও অর্থ না দেওয়ায় ব্যাংক এটিকে শর্ট টার্ম ওভার ড্রাফট (এসওডি) করেছে। ফলে অন্য ঋণপত্রের বিপরীতে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার সুযোগ দিচ্ছে না।
নারায়ণগঞ্জের জামতলা এলাকার প্যারাগন ফ্যাশনের স্বত্বাধিকারী জোয়ারদার আনিসুজ্জামান বলেন, তাঁর প্রতিষ্ঠান সেন্ট্রাল ভেটের কাছ থেকে ৭৫ হাজার ৪০৪ ডলারের রপ্তানি আদেশ পায়। তারপর পণ্য উৎপাদন করে চট্টগ্রাম বন্দরে পাঠানো হলেও ক্রেতাপ্রতিষ্ঠানটি নিচ্ছে না।
এই দুই প্রতিষ্ঠান ছাড়াও ১৬টি কারখানা বিকেএমইএর কাছে অভিযোগ করেছে। সেন্ট্রাল ভেটের কাছে তাদের পাওনা হচ্ছে: নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ৩৮ হাজার ডলার, গেটওয়ে ফ্যাশনের ৮৮ হাজার, নিট বাংলার ৯৭ হাজার, জুমা ফ্যাশনের ৪ হাজার, ম্যাপল নিটওয়্যারসের ৫৫ হাজার, অটোমেশন নিটওয়্যারের ১ লাখ ৬৯ হাজার, কোহিনুর গার্মেন্টসের ৪২ হাজার, ক্যালিকো সোয়েটারের ৪৩ হাজার, এপ্রিল ফ্যাশনের ১৮ হাজার, জে এস ডিজাইনের সাড়ে ৩৮ হাজার, সাহাবা ইয়ার্নের সাড়ে ৫০ হাজার, আরবান নিটওয়্যারের ৩৩ হাজার ৯০০, এপাচির ১ লাখ ৭ হাজার, মোল্লা নিটওয়্যারের ৭৫ হাজার ৬৪৬, গেটওয়ে ফ্যাশনের ৮৮ হাজার এবং কসমো নিটওয়্যারের ১২ হাজার ডলার।
এ বিষয়ে জানতে চাইলে ডাকসার বাংলাদেশের মহাব্যবস্থাপক সৈয়দ গোলাম গাওস ওয়াহেদ বলেন, ‘পণ্য রপ্তানির জন্য চুক্তি হয়েছে ক্রেতাপ্রতিষ্ঠান ও কারখানার মধ্যে। আমাদের দায়িত্ব পণ্য পরিবহন করা। পণ্য পরিবহন বাবদ আমাদের প্রতিষ্ঠানের ফ্রান্সের প্রতিষ্ঠান সেন্ট্রাল ভেটের কাছে সাড়ে আট লাখ ইউরো বকেয়া রয়েছে।’
জানতে চাইলে বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করেছি। পরে সংগঠনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, প্যারিসের বাংলাদেশ দূতাবাস, ঢাকার ফ্রান্স দূতাবাসে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত হয়েছে; যাতে সংশ্লিষ্ট ক্রেতা ও ফ্রেইট ফরোয়ার্ডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়।’