বন্দরে রপ্তানি পণ্যবাহী তিন হাজার কনটেইনার আটকা
টানা হরতালের কারণে চট্টগ্রামের ১৮টি বেসরকারি কনটেইনার ডিপোতে রপ্তানিমুখী পোশাকপণ্য নিয়ে তিন হাজার কনটেইনার আটকা পড়েছে। এতে ক্রেতাদের চাহিদানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পাঠানো নিয়ে রপ্তানিকারকেরা শঙ্কায় আছেন।
বেসরকারি ডিপো ও রপ্তানিকারকদের সূত্রে জানা গেছে, আগের হরতালগুলোতে রাতে পণ্য পরিবহনের সুযোগ থাকলেও এবার বাধার মুখে পড়ছে পণ্যবাহী গাড়িগুলো।
যেমন—ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশের ছয়টি বেসরকারি ডিপো থেকে গত দুই দিন রাতে রপ্তানিমুখী পণ্য আনার উদ্যোগ নেওয়া হলে কেডিএস লজিস্টিকস ও পোর্টলিংক নামে দুটি ডিপোর কনটেইনারবাহী গাড়ি পিকেটিংয়ের মুখে পড়ে। যে কারণে গাড়িগুলো ডিপোতে ফিরে যায়। এই অবস্থায় শুধু বন্দরের কাছাকাছি অবস্থিত কয়েকটি ডিপো থেকে কিছু কনটেইনার বন্দরে নেওয়া হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রামের ১৮টি ডিপোতে গতকাল বিকেল পর্যন্ত তিন হাজার ২২৪টি কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) আটকে ছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রপ্তানি পণ্য নিয়ে দুটি জাহাজ গতকাল সোমবার বন্দর ছেড়ে গেছে। তিনটি জাহাজ আজ মঙ্গলবার বন্দর ছেড়ে যাওয়ার কথা থাকলেও পর্যাপ্ত সংখ্যক কনটেইনার বোঝাই হয়নি। এই তিনটি জাহাজমুখী ৩৮৭ একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার গতকাল সন্ধ্যা পর্যন্ত ডিপোতে পড়েছিল।
এ ব্যাপারে জাহাজ কোম্পানি মার্সক বাংলাদেশ লিমিটেডের একজন উর্ধ্বতন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে জানান, রপ্তানি পণ্যবাহী কনটেইনার বোঝাই করতে না পারলেও জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নির্ধারিত সময়ে তাঁদের জাহাজ বন্দর ত্যাগ করতে না পারলে মালয়েশিয়ায় অপেক্ষমাণ বড় জাহাজে পণ্য তুলে দেওয়া যাবে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিজিএমইএর পরিচালক আবদুল ওয়াহাব প্রথম আলোকে বলেন, ‘আটকা পড়া রপ্তানি পণ্যের কনটেইনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বন্দরে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন পুলিশের পর্যাপ্ত সহায়তাও পাওয়া যাচ্ছে না।