বন্দরের ওপর চাপ কিছুটা কমাল এনবিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে আমদানি হওয়া আরও আট ধরনের পণ্য বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের বাধ্যবাধকতা আরোপ করেছে। এনবিআর সম্প্রতি এক চিঠিতে এসব পণ্য বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের আদেশ দিয়েছে।
যেসব পণ্য বেসরকারি ডিপোতে খালাস বাধ্যতামূলক করা হয়েছে—সয়াবিন খৈল বা ভুষি, উচ্চ প্রোটিনসমৃদ্ধ পশুখাদ্যের উপাদান ‘ডিডিজিএস’, চালের কুঁড়া, ভুট্টা থেকে তৈরি কর্ন গ্লুটিন, সরিষার খৈল, পাম তেলের খৈল, ভুট্টা ও সয়াবিন দানা। তবে মাছ, মুরগি ও গরুর খাদ্য হিসেবে আমদানি হলেই কেবল এসব পণ্য বেসরকারি ডিপোতে খালাস করা বাধ্যতামূলক।
সংশ্লিষ্ট আমদানিকারকেরা জানান, সয়াবিন দানা প্রক্রিয়াজাত করে ৮২ শতাংশ পশুখাদ্য বা খৈল পাওয়া যায়। আর বাকি ১৭ শতাংশ সয়াবিন তেল ও ১ শতাংশ বর্জ্য পাওয়া যায়।
এ নিয়ে কনটেইনারে আমদানি করে বেসরকারি ডিপোতে নিয়ে খালাস বাধ্যতামূলক—এমন পণ্যের সংখ্যা ২৯টি থেকে বেড়ে দাঁড়াল ৩৭টিতে।
বন্দরের হিসাবে দেখা যায়, ২০১৪ সালে আমদানি পণ্য নিয়ে যত কনটেইনার এসেছে, তার মধ্যে ৫৭ শতাংশের খালাস নেওয়া হয়েছে বন্দর চত্বর থেকে। ১৮ শতাংশ কনটেইনার থেকে পণ্য খালাস করা হয় সংশ্লিষ্ট কারখানা চত্বরে নিয়ে। বাকি ২৬ শতাংশ কনটেইনার থেকে পণ্য খালাস হয় বেসরকারি ১৬টি ডিপোতে। এই ২৬ শতাংশ কনটেইনার হলো বাধ্যবাধকতার আওতায় পড়া ২৯ ধরনের পণ্যের। জানতে চাইলে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এনবিআরের এই সিদ্ধান্তের ফলে বন্দরে কনটেইনার জমে থাকার চাপ কমবে। আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল হবে।
নিজামউদ্দিন আহমেদ মনে করেন, বন্দর চত্বরে কনটেইনার খুলে পণ্য খালাসের হার যত কমবে, ততই বন্দরের সক্ষমতা বাড়বে। নতুন করে আটটি পণ্য বেসরকারি ডিপোতে খালাসের বাধ্যবাধকতা দেওয়ায় বন্দরের ওপর চাপ কিছুটা হলেও কমাবে। রাজস্ব বোর্ড কনটেইনারে আমদানি হওয়া আরও পণ্য বেসরকারি ডিপোতে খালাসের আদেশ দিলে বন্দরের সক্ষমতা জোরদার হবে।
জানা গেছে, ২০০৬ সাল থেকে তিন ধাপে কনটেইনারে আমদানি হওয়া মোট ২৯টি পণ্য বন্দরের পরিবর্তে বেসরকারি ডিপোতে খালাসের বাধ্যবাধকতা জারি করে এনবিআর। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো চাল, ডাল, গম, খেজুর, ছোলা, চিনি, সরিষা, পেঁয়াজ, আদা, রসুন, সোডা অ্যাশ, বিটুমিন, বাতিল লোহা ইত্যাদি।
বেসরকারি কনটেইনার ডিপো মালিক সমিতির সচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিমাসে আড়াই থেকে তিন হাজার একক কনটেইনারে নতুন এই আটটি পণ্য আমদানি হয়। তিনি বলেন, কনটেইনারে আমদানি হওয়া ৩৭ ধরনের পণ্য এখন বেসরকারি ডিপোতে খালাস হচ্ছে। এরপরও বেসরকারি ডিপোগুলোর সক্ষমতার একটা বড় অংশ এখনো অব্যবহৃত রয়েছে।