বন্দরের কেনাকাটার অনিয়মের তদন্ত করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের কেনাকাটায় কোনো অনিয়ম হয়েছে কি না এবং বিপুল অর্থ ব্যয়ে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) প্রায় আট বছর শেষেও কেন চালু করা যাচ্ছে না, তা তদন্ত করবে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ জন্য কমিটির সদস্য এম আবদুল লতিফকে আহ্বায়ক এবং নুরুল ইসলাম ও আনোয়ারুল আজিমকে সদস্য করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে।
বৈঠক শেষে আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, কমিটি বিভিন্ন মাধ্যমে জেনেছে, চট্টগ্রাম বন্দরের কেনাকাটায় আর্থিক অনিয়ম আছে। বন্দর কর্তৃপক্ষ কাদের স্বার্থে নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালু করছে না, তা কমিটি তদন্ত করে দেখতে চায়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, প্রায় ৮০০ কোটি ব্যয়ে সাত বছর আগে নিউমুরিং কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হয়।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে বন্দর কর্তৃপক্ষ বলেছে, মামলা জটিলতার কারণে কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে না। তবে কমিটি তাদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি।
বৈঠকে কমিটির সদস্য আবদুল লতিফ বলেন, বন্দর কর্তৃপক্ষ প্রতিটি উভচর এক্সকাভেটর কেনার জন্য ১৬ কোটি টাকার দরপত্র আহ্বান করেছে। অথচ একই এক্সকাভেটর একই মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ কিনেছে ছয় কোটি টাকা দিয়ে। এ বিষয়ে তিনি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করেন।
আবদুল লতিফের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি এক্সকাভেটর, অ্যাম্বুলেন্স বোট ও পোর্ট হ্যান্ডলিং যন্ত্রপাতি কেনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা এবং কনটেইনার টার্মিনাল চালু না হওয়ার বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, তালুকদার আবদুল খালেক, আবদুল হাই, নুরুল ইসলাম, এম আবদুল লতিফ, রণজিৎ কুমার রায়, আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম অংশ নেন।