বন্দরের জন্য টাগবোট নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন
চট্টগ্রাম বন্দরের জন্য একটি টাগবোট নির্মাণের কাজ পেয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটি এই কাজ পায়। টাগবোট নির্মাণে গতকাল রোববার দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়।
সাগর থেকে বন্দরের মূল জেটিতে বাণিজ্যিক জাহাজ আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হবে এই ‘টাগবোট’। টাগবোটটির ক্ষমতা ২৫ টন বিপি। এটি নির্মাণে চুক্তিমূল্য প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।
গতকাল সকালে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দীন আহমেদ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। বন্দরের বোর্ডকক্ষে এ অনুষ্ঠানে বন্দর ও ওয়েস্টার্ন মেরিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানান হয়, আগে এসব জাহাজ বিদেশ থেকে আমদানি করা হতো। কিন্তু দক্ষ জনবল ও প্রযুক্তিসুবিধা ব্যবহারের ফলে এখন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে আন্তর্জাতিকমানের টাগবোট নির্মিত হচ্ছে।