বন্দরের দরপত্রের শর্ত শিথিলের দাবি চট্টগ্রাম চেম্বারের
চট্টগ্রাম বন্দরে সাধারণ পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর জন্য বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্রের শর্তাবলি সংশোধন করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।বন্দর চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদের কাছে গতকাল মঙ্গলবার পাঠানো এক জরুরি পত্রের মাধ্যমে এই দাবি জানান চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।চেম্বারের সভাপতি ওই চিঠিতে বলেন, চট্টগ্রাম বন্দরের ১২টি জেটিতে পণ্য ওঠানো-নামানোর যে দরপত্র আহ্বান করা হয়েছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ১২টি বার্থ অপারেটর ছাড়া অন্য কেউ অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। এতে দরপত্রের স্বচ্ছতাসহ প্রতিযোগিতামূলক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মাহবুবুল আলম আরও বলেন, দরপত্রে কঠিন শর্তের কারণে ৫০ বছরের অভিজ্ঞতা আছে এমন লাইসেন্সপ্রাপ্ত ৫০টিরও অধিক প্রতিষ্ঠান অংশ নিতে পারছে না। এ জন্য চট্টগ্রাম চেম্বারের সভাপতি দরপত্রের শর্ত সংশোধন করে প্রতিযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানান।