বন্দরের বহির্নোঙরে ৭২ তলা উঁচু ভবনের সমান লম্বা ট্যাংকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমটি সি গ্লোরি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। তেল পরিবহনকারী এই জাহাজ ৭২ তলা উঁচু ভবনের সমান লম্বা। বিশ্বের ৩৬তম উঁচু ভবন তিয়ানজিন গ্লোবাল ফিনানশিয়াল সেন্টারের সমান লম্বা ট্যাংকারটি। বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন ৩৭ তলার সিটি সেন্টারের প্রায় দ্বিগুণ লম্বা এটি। ট্যাংকারটি লম্বায় এক কিলোমিটারের তিন ভাগের এক ভাগ বা ৩৩৮ মিটার।চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের বিশাল বাতিল ট্যাংকার সচরাচর কম আসে এখানে। এসব ট্যাংকারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচলের জন্য ব্যাটারিচালিত ছোট গাড়ি ব্যবহার করা হয়।’বন্দর সূত্রে জানা গেছে, হংকংয়ের পতাকাবাহী বিশালাকার এই বাতিল ট্যাংকার চট্টগ্রাম বন্দরে আনার ঘোষণা দেয় সোলার শিপিং এজেন্সি। গত ২৮ আগস্ট ট্যাংকারটি বন্দরের বহির্নোঙরে ভিড়লেও এখনো সব নথিপত্র জমা দেওয়া হয়নি। ট্যাংকারটি এখন সীতাকুণ্ডের ইয়ার্ড মালিকদের কাছে বিক্রির জন্য দর-কষাকষি চলছে।গ্রিসভিত্তিক ইন্টারমোডাল শিপ ব্রোকার্সের সাপ্তাহিক বাজার প্রতিবেদনে বলা হয়, ট্যাংকারটিতে লোহার পরিমাণ ৪১ হাজার ৪০২ টন। প্রতি টন ৪৩৫ মার্কিন ডলার দরে বাংলাদেশি একজন ক্রেতা এটি কিনে নিয়েছেন। এ হিসাবে ট্যাংকারটির মূল্য পড়ে এক কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১৪৫ কোটি টাকা।বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও ইয়ার্ডে এ ধরনের ট্যাংকার কাটতে ছয় মাসের বেশি সময় লাগবে। ২০০০ ও ২০০২ সালের দিকে এ ধরনের লম্বা বাতিল ট্যাংকার আমদানি হলেও দীর্ঘদিন এ ধরনের লম্বা ট্যাংকার আসেনি।’ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ১৯ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম ট্যাংকারটি জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিতে ১৯৯৩ সালে তৈরি হয়। এটির ব্যবহূত পণ্যসহ ওজন এক লাখ ৪৬ হাজার ৮৪৮ টন। ধারণক্ষমতা অনুযায়ী জ্বালানি তেল ভর্তি করা হলে ট্যাংকারটির সর্বোচ্চ ওজন হবে দুই লাখ ৬৯ হাজার ৬০৫ টন। শুরুতে ট্যাংকারটির নাম ছিল অ্যাপোলো ওশিমা। পরে আল মেয়ার, হেবেই স্পিরিট, ট্যাংকার গ্লোরি থেকে সবশেষে ‘এমটি সি গ্লোরি’ নামে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তেল পরিবহন করে এটি।