বন্দরের বে-টার্মিনালের সঙ্গে ট্রাক টার্মিনাল নির্মাণ!
ঢাকা ও চট্টগ্রাম নগরে যানজট নিরসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ২৯টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে একটি সিদ্ধান্ত ছিল, চট্টগ্রাম বন্দর এলাকায় টার্মিনাল নির্মাণের জন্য বন্দর কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রস্তাবিত বে-টার্মিনালের সঙ্গে ‘পরিকল্পিত ট্রাক টার্মিনাল’ নির্মাণের চিন্তাভাবনা করছে। ফলে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়টি ছয়-সাত বছর পর্যন্ত লেগে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে চট্টগ্রাম বন্দর পর্ষদের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) ও সরকারের যুগ্ম সচিব জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘ট্রাক টার্মিনাল নির্মাণের ব্যাপারে সমীক্ষার কাজ শুরু করতে হবে। আগে সাগরপারে বে-টার্মিনাল নির্মাণ করতে চাই। আমরা বন্দর ও পুলিশের ট্রাফিক ব্যবস্থাকে আলাদা করতে চাই। তাই বে-টার্মিনালকে ঘিরে পরিকল্পিত ট্রাক টার্মিনাল নির্মিত হবে।’
>বে-টার্মিনালের সঙ্গে ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়টি যুক্ত হওয়ায় চট্টগ্রাম নগরের যানজট আরও বাড়বে বলে পরিবহন মালিক সংগঠনের নেতাদের আশঙ্কা
জাফর আলম আরও বলেন, বঙ্গোপসাগরের উপকূলে প্রস্তাবিত বে-টার্মিনাল নির্মাণের সমীক্ষার কাজ সম্প্রতি শুরু হয়েছে। চলতি বছরের মাঝামাঝি সমীক্ষার কাজ শেষ হতে পারে। ২০২৩ বা ২০২৪ সালের মধ্যে বে-টার্মিনাল নির্মাণের প্রথম ধাপের কাজ শেষ করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে গড়ে দুই লাখ একক কনটেইনার পরিবহন হচ্ছে। এসব কনটেইনার বন্দর থেকে চট্টগ্রাম নগর, ঢাকা ও গাজীপুরে পরিবহন হচ্ছে। প্রতি একক কনটেইনার পরিবহনের জন্য প্রয়োজন একটি প্রাইম মুভার (লম্বা গাড়ি)। এ ছাড়া ধীরে ধীরে বন্দরে কনটেইনার ওঠানামা বাড়ছে। অথচ চট্টগ্রামে কোনো ট্রাক বা প্রাইম মুভার টার্মিনাল নেই। এসব কারণে নগরের বিমানবন্দর সড়ক এবং আশপাশের সড়কগুলো অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম নগরে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে।
বন্দর সূত্র জানায়, বন্দর এলাকায় প্রতিদিন গড়ে সাড়ে ছয় হাজারের বেশি কনটেইনার এবং আরও সহস্রাধিক ট্রাক বা কাভার্ড ভ্যানে কনটেইনারবিহীন পণ্য পরিবহন হয়। অথচ পণ্য বা কনটেইনারবাহী গাড়ি রাখার কোনো টার্মিনাল না থাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
প্রশাসন সূত্র জানায়, গত বছরের ৬ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) কক্ষে ঢাকা ও চট্টগ্রাম নগরের যানজট নিরসন-সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। সভায় ১৫ নম্বর সিদ্ধান্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংখ্যক টার্মিনাল নির্মাণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।
বন্দরের একটি সূত্র জানায়, আদৌ বে-টার্মিনাল হবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। বে-টার্মিনালের সঙ্গে ট্রাক টার্মিনাল নির্মাণের বিষয়টি যুক্ত হওয়ায় চট্টগ্রাম নগরের যানজট আরও বাড়বে বলে পরিবহন মালিক সংগঠনের নেতাদের আশঙ্কা।
প্রাইম মুভার-টেইলর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. আবু বকর ছিদ্দিক বলেন, ‘আমরা চট্টগ্রাম নগরের যানজট নিরসনে স্থায়ী সমাধান চাই। বে-টার্মিনালের সঙ্গে ট্রাক টার্মিনাল নির্মাণ করতে সাত-আট বছর লেগে যাবে। এ মুহূর্তে দ্রুতগতিতে অস্থায়ীভাবে এক বা একাধিক ট্রাক টার্মিনাল প্রয়োজন। এ জন্য সরকারের মন্ত্রী-মেয়রসহ সব জায়গায় আমরা ধরনা দিয়েছি। আর স্থায়ী নির্মাণের উদ্যোগও দ্রুত নিতে হবে।’
আবু বকর ছিদ্দিক আরও বলেন, চট্টগ্রাম বিমানবন্দর সড়ককে যানজটমুক্ত করতে হলে কাস্টমস-সংলগ্ন সিপিআর গেটের পাশে বন্দর-রেলের ১৬ একর পরিত্যক্ত জায়গায় অস্থায়ী ভিত্তিতে টার্মিনাল করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে কমপক্ষে ৭০০ গাড়ি রাখা যাবে। কিন্তু বন্দরের এস্টেট বিভাগ মৌখিকভাবে কোনো এক ব্যক্তিকে জায়গাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ওই লোক প্রতি গাড়ি থেকে ১০০ টাকা ভাড়া নেয়। এই অর্থ বন্দরের এস্টেট বিভাগ এবং ওই ব্যক্তি ভাগাভাগি করে নেয়। বন্দর ও রেলকে প্রতি মাসে ন্যায্য ভাড়া দেব।