বন্দরের সংরক্ষিত ৭০ শতাংশ এলাকায় পূর্ণ নজরদারি নেই

পণ্যভর্তি কনটেইনার রাখার জন্য বন্দরে প্রতিনিয়ত জায়গা বাড়ানো হচ্ছে। অথচ কনটেইনার রাখার এসব চত্বর তদারকিতে কোনো সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি। ক্যামেরা না থাকায় শুধু নিরাপত্তাকর্মী দিয়ে বন্দর থেকে আমদানি পণ্য চুরি থামানো যাচ্ছে না।
বন্দর সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে ১২৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় বন্দরের সংরক্ষিত এলাকায়। এই সিসিটিভি ক্যামেরা দিয়ে বন্দরের সংরক্ষিত এলাকার মাত্র ৩০ শতাংশ নজরদারি সম্ভব হচ্ছে। অর্থাৎ প্রায় ৭০ শতাংশ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে রয়ে গেছে। বন্দরের সংরক্ষিত পুরো এলাকায় পরিপূর্ণ তদারকির জন্য আরও অন্তত ৩৭৬টি ক্যামেরা দরকার বলে নিরাপত্তা বিভাগের হিসাবে জানা গেছে।
বন্দর সূত্রে জানা গেছে, ২০০৮ সালে বন্দরে সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেয় বন্দরের নিরাপত্তা বিভাগ। এরপর থেকে সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর প্রক্রিয়া চললেও এখনো শেষ হয়নি।
জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, যেসব এলাকা সিসিটিভির আওতার বাইরে সেখানে নিরাপত্তা কর্মী দিয়ে তদারকি করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বন্দরের সংরক্ষিত এলাকার শতভাগ সিসিটিভির আওতায় আনার ব্যাপারে কাজ চলছে।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক স্বীকৃত নিরাপত্তাব্যবস্থা ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি’ (আইএসপিএস) কোড বাস্তবায়ন হয়েছে। এই ব্যবস্থার আওতায় বন্দরের সংরক্ষিত এলাকায় নিরাপত্তা তদারকির জন্য ক্যামেরা বসানোর নির্দেশনা রয়েছে।
বন্দর কর্মকর্তারা জানান, সিসিটিভি ক্যামেরা ছাড়া বন্দরের প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সংরক্ষিত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা সম্ভব নয়। বর্তমানে প্রায় দেড় হাজার জনবল দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। আবার ১২৬টি সিসিটিভি ক্যামেরা থাকলেও নিয়মিত কিছুসংখ্যক সিসিটিভি অচল থাকে।
বন্দরের নিরাপত্তা বিভাগের হিসাবে দেখা যায়, পণ্য রাখার এলাকায় সিসিটিভি না থাকায় সার্বক্ষণিক শতভাগ তদারকি সম্ভব হচ্ছে না। বন্দরের চুরি-পাচারের সংখ্যার হিসেবেও এই চিত্র আছে। যেমন, গত বছর বন্দরে ৩৮টি পণ্য চুরি বা পাচারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আটক চোর বা পাচারকারীদের সর্বোচ্চ ছয় মাস মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, সিসিটিভিসহ আধুনিক তদারকি ব্যবস্থা থাকলে বন্দর থেকে পণ্য চুরি শতভাগ রোধ করা সম্ভব। তবে যেসব এলাকায় সিসিটিভি নেই সেখানে সরেজমিনে তদারকির মাধ্যমে পণ্য চুরি-পাচারের ঘটনা ধরা হচ্ছে বলে তিনি জানান।
মোয়াজ্জেম আরও জানান, বন্দরের পুরো এলাকায় সিসিটিভির আওতা বাড়ানো এবং ভূগর্ভস্থ ফাইবার অপটিক কেব্ল পরিবর্তনে নকশা তৈরির জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন গবেষণা সংস্থা ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে (বিআরটিসি) পরামর্শক নিয়োগ করা হয়েছে। তারা নকশা প্রণয়নের পর খুব শিগগিরই সিসিটিভির আওতা বাড়ানোর কার্যক্রম বাস্তবায়ন হবে।