বন্দরের ৩৬০ কোটি টাকার দরপত্র বাতিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে ৩৬০ কোটি টাকার যন্ত্রপাতি সংগ্রহের দরপত্রের প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত রোববার অর্থমন্ত্রী এক চিঠিতে বন্দরকে এই নির্দেশ দেন।
বন্দর কতৃর্পক্ষ ১৪ মে সম্ভাব্য ৩৬০ কোটি টাকার ছয়টি গ্যান্ট্রি ক্রেন কেনার দরপত্র আহ্বান করে। আগামী ২২ জুলাই দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়।
নিজস্ব ব্যবস্থাপনায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালুর জন্য প্রথম ধাপে এই দরপত্র আহ্বান করা হয়। বন্দরের পদক্ষেপ অনুযায়ী, এই টার্মিনালটি পুরোদমে চালু করতে ধাপে ধাপে মোট এক হাজার ১২০ কোটি টাকার ৬৫টি যন্ত্র কেনার কথা।
বন্দর চেয়ারম্যান সরকারি সফরে পানামায় রয়েছেন। এরপর তাঁর এক সপ্তাহের ছুটিতে আমেরিকায় যাওয়ার কথা। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বন্দরের পরিচালনা পর্ষদের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. নজরুল ইসলাম।
যোগাযোগ করা হলে মো. নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘চিঠিটি পেয়েছি। পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। দরপত্র আহ্বান করলেও জমা দেওয়ার সময় আগামী ২২ জুলাই পর্যন্ত আছে। এর আগে চেয়ারম্যান দেশে আসার পরই মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেওয়া হবে।’
অর্থমন্ত্রীর চিঠিতে বলা হয়, ‘এই দরপত্র এখনই বাতিল করা উচিত। আমাদের একটি স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে, কোথাও কোনো ক্রয়ের সুযোগ পেলেই সেটিই প্রথম গ্রহণ করি। এখানে সেই প্রবৃত্তি প্রকট রূপ লাভ করেছে।’
প্রধানমন্ত্রীর চীন সফর পর্যন্ত এই ক্রয়-প্রক্রিয়া বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থমন্ত্রী চিঠিতে বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং আমার পরামর্শ রয়েছে যে এই দরপত্রটি বাতিল করা দরকার।’
জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ৩০ এপ্রিল প্রথম সভায় বিষয়টি নিয়ে আপত্তি তোলে। সেই সভায় নৌমন্ত্রী এবং বন্দর চেয়ারম্যানকেও দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ না করতে সুপারিশ করা হয়। কিন্তু বন্দর সেই সুপারিশ উপেক্ষা করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
যোগাযোগ করা হলে সংসদীয় কমিটির সদস্য সাংসদ এম এ লতিফ বলেন, ‘আমরা চেয়েছি, যে প্রতিষ্ঠান এই টার্মিনাল পরিচালনা করবে, সেই যন্ত্রপাতি সংগ্রহ করবে। কারণ, বন্দরের খরচে এত বিপুল টাকায় যন্ত্রপাতি সংগ্রহ কার্যত সুফল আনবে না।’
বন্দর সূত্রে জানা গেছে, সিদ্ধান্তহীনতার কারণে সাত বছর আগে নির্মিত সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি চালু করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। বিগত সরকারের শেষ সময়ে টার্মিনালে যন্ত্রপাতি সংগ্রহসহ পরিচালনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। কিন্তু দরপত্র নিয়ে সে সময়ে উচ্চ আদালতে মামলা হয়। বন্দর জটিলতা এড়াতে নিজেরা যন্ত্রপাতি ক্রয় করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেয়।
এ সিদ্ধান্তের অংশ হিসেবে বন্দর কর্তৃপক্ষ দুই ধাপে ৬৫টি যন্ত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করে। এসব যন্ত্র সংগ্রহের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয় এক হাজার ১২০ কোটি টাকা।