শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো চালুর প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ জন্য বর্তমান সরকার বাস্তবতার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু নতুন সরকারের শিল্পমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে আসেন। প্রথম কার্যদিবসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মতবিনিয়মের সময় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন করপোরেশনের প্রধানেরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নতুন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিল্প খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়েছে। দেশের তৈরি পোশাকশিল্প নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকার এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শিল্পায়নের ধারা অব্যাহত রাখবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, কোন দল নির্বাচনে অংশ নিল বা না নিল, তার ওপর সরকারের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। সরকারের গ্রহণযোগ্যতার বিষয়টি জনগণের সমর্থনের ওপর নির্ভর করে। জাতীয় স্বার্থে বড় প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
এর আগে মন্ত্রণালয়, বিভিন্ন করপোরেশন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সিবিএর নেতারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দেশের শিল্প খাত গতিশীল করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমির হোসেন আমু কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।