দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগ খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ, বন্ধ কলকারখানাগুলো পূর্ণাঙ্গরূপে চালু ও বিমানবন্দর নির্মাণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের মানুষ। তাঁরা এই অঞ্চলের অবকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নে আসন্ন জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ চেয়েছেন। বিশেষ করে ব্যবসায়ীরা তুলেছেন চিংড়ি ও পাটশিল্পের বিকাশে সহায়ক বাজেটের দাবি।
খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে কথা বলার সময় এসব দাবি উঠে এসেছে।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান প্রথম আলোকে বলেন, ‘খুলনা অঞ্চলের উন্নয়নের দাবিতে আগামী বাজেটে আমরা ১৮টি খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে আন্দোলন করেছি।’
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীতকরণ ও বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করেছেন স্থানীয় বিএল কলেজের সাবেক অধ্যক্ষ জাফর ইমাম।
আইনজীবী মোমিনুল ইসলাম দীর্ঘদিন বন্ধ থাকা নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল ও দাদা ম্যাচ ফ্যাক্টরি চালু করতে বাজেটে আলাদা বরাদ্দ দাবি করেন।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সাবেক সভাপতি ও খুলনা ওহাব জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক হোসেন পাটজাত পণ্য রপ্তানিতে দেওয়া ভর্তুকি বাড়িয়ে ২০ শতাংশ করার দাবি জানান। তিনি বলেন, বর্তমানে এ ক্ষেত্রে যে ৫ শতাংশ ভর্তুকি রয়েছে তা পর্যাপ্ত নয় এবং এর ওপর আবার ৫ শতাংশ হারে কর দিতে হয়।
চিংড়িশিল্পে কাঁচামালের সংকট কাটাতে থোক বরাদ্দ দাবি করেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) পরিচালক এস হুমায়ুন কবির। তিনি চিংড়িশিল্পে সাশ্রয়ী দামে বিদ্যুৎ সরবরাহ ও রপ্তানিতে উৎসে কর দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ করার দাবি জানান।
তরুণ উদ্যোক্তা ইয়াসিন হাওলাদার সহজে ব্যাংকঋণ পাওয়ার নির্দেশনা চান বাজেটে। একই সঙ্গে তিনি তরুণ উদ্যোক্তাদের জন্য কম সুদে ব্যাংকঋণ পাওয়ার দাবি জানান।
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব সাইফুল ইসলাম মংলা বন্দরের জন্য নতুন ক্রেন ক্রয় ও ফুয়েল টার্মিনাল নির্মাণে বাজেটে অর্থ বরাদ্দের দাবি করেন।
স্থানীয় সাংবাদিক হাসান হিমালয় বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম গরিব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পদক্ষেপ দেখতে চান আসন্ন বাজেটে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবন্তী কুণ্ডু কৃষিবান্ধব বাজেট চান। পাশাপাশি তথ্যপ্রযুক্তিকে অগ্রাধিকার দিতে বলেন তিনি।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক কুদরত-ই-খুদা বাজেটে খুলনার জন্য কর্মসংস্থান, দারিদ্র্যবিমোচন ও শিল্পমুখী পদক্ষেপ দাবি করেন।