
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আগে খুলনা নিউজপ্রিন্ট মিল চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পূর্ণ মেয়াদ শেষেও সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকার সুযোগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখলের কবলে পড়েছে মিলের মূল্যবান সম্পদ। স্থানীয় সাংসদের গৃহপরিচারিকা থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মিলের জায়গা দখল করে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। তৈরি করা হয়েছে একাধিক রাজনৈতিক কার্যালয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নিয়ে প্রাণনাশের হুমকিতে ভুগছেন মিলের একাধিক কর্মকর্তা।
সম্প্রতি সরেজমিনে মিলটি পরিদর্শনকালে পুরোনো দখলের পাশাপাশি নতুন করে স্থাপনা তৈরি করতে দেখা যায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, মিলের প্রায় ৩৫ শতাংশ জমি অবৈধভাবে দখল করা হয়েছে। এর মধ্যে সম্প্রতি ১৫ শতাংশ জমি উদ্ধার করা হলেও এখনো ২০ শতাংশ অবৈধ দখলে। মিলটির সীমানাপ্রাচীরের বাইরে থাকা জমিতে এই দখল রয়েছে।
অবশ্য সীমানাপ্রাচীরের ভেতরে সরকারি অনুমোদন নিয়ে নিউজপ্রিন্ট মিলের ভেতরে র্যাবের অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে। আর র্যাবের কার্যালয় থাকার সুবাদে মিলের অভ্যন্তরের সম্পদ এখনো অবৈধ দখলদারমুক্ত রাখা সম্ভব হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে মিলের যন্ত্রপাতি ব্যবহূত না হওয়ায় এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেকগুলো যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি মিলের প্রয়োজনে সেখানে ২৪ মেগাওয়াট উৎপাদনক্ষমতার যে বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেটিরও বড় অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে আধুনিকায়ন ছাড়া মিলটি চালু করা আদৌ সম্ভব নয়।
আধুনিকায়নের মাধ্যমে মিলটি চালু করতে হলে প্রায় ৮০০ কোটি টাকার প্রয়োজন রয়েছে। এজন্য ৮০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মিলের মূল মালিক বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কাছে দেওয়া হয়েছে বলে জানান মিলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমিন।
বিসিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মিলটি লাভজনকভাবে চালু করতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। আবার গ্যাস-সংযোগ ছাড়া এটিকে লাভজনক করা খুবই দুরূহ হবে। আর গ্যাস সরবরাহের বিষয়টিই এখনো অনিশ্চিত।
জানা গেছে, খুলনা নিউজপ্রিন্ট মিলের জন্য ২৪ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্র রয়েছে। নিউজপ্রিন্ট মিলের সঙ্গে সঙ্গে এই বিদ্যুৎকেন্দ্রটিও বন্ধ হয়েছে ২০০২ সালে বিএনপি সরকারের সময়। নতুন করে মিলটি চালুর আগে এখন অকেজো বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি মেরামতের পাশাপাশি ১৬ মেগাওয়াট উৎপাদনক্ষমতার আলাদা দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে প্রকল্পে।
আবার মিলটিতে আগে যে ধরনের নিউজপ্রিন্ট উৎপাদন করা হতো, সেটির এখন খুব বেশি বাজার নেই। তাই মিলটি চালুর আগে উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে।
চলছে দখল: গত আগস্ট মাসে মিলের প্রশাসনিক বিভাগের প্রধান মো. নুরুল্লাহ বাহার খালিশপুর থানায় জমি উদ্ধারের জন্য সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে মিলের প্রধান গেটের উত্তর পাশে জায়গা দখলদারদের নাম রয়েছে। এই তালিকায় রয়েছেন ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব, মো. ইয়াদ আলী, মো. বাবুল, ফকরুল, জাকির, জাহাঙ্গীর, মাহবুব, মশিউর, ইমাম, আলীউজ্জামান, ইসরাফিল, সফিক ও ইউনুস। এ ছাড়া দখলদারদের মধ্যে রয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের গৃহপরিচারিকা মাসুমা আক্তার রানী।
প্রধান ফটকের দক্ষিণ পাশের জায়গা দখল করে তৈরি করা হয়েছে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়। এর বাইরে অবৈধ দখলদারদের মধ্যে রয়েছেন মতিয়ার রহমান, আবু বক্কর, রুহুল আমিন, আবদুল মান্নান, ফারুক, মনসুরসহ স্থানীয় ৩৩ জন প্রভাবশালী। মিলের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এসব নাম জানা গেছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মিলের সম্পত্তি অবৈধ দখলদারমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু জমি উদ্ধার করা হয়েছে।’
জানা গেছে, ১৯৫৮ সালে খুলনা শিল্পনগরের খালিশপুরে প্রায় ৯০ একর জমির ওপর খুলনা নিউজপ্রিন্ট মিলটি স্থাপিত হয়। বার্ষিক ৪৮ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার এই মিলটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ১৯৬০ সালে। চালু হওয়ার পর মিলটি মাত্র কয়েক বছর লাভের মুখ দেখে। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার মিলটি বন্ধ ঘোষণা করে।