প্রায় তিন বছর ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ এবং সব যন্ত্রপাতিও বিক্রি হয়ে গেছে, এ রকম একটি কোম্পানিই গতকাল সোমবার শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে! মডার্ন ডায়িং নামের এই কোম্পানির উৎপাদন ২০১০ সাল থেকেই বন্ধ রয়েছে। এমনকি কোম্পানিটির সব যন্ত্রপাতিও বিক্রি হয়ে গেছে বলে ডিএসই তথ্য প্রকাশ করেছে।
এদিন মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল স্বল্প মূলধন ও বস্ত্র খাতের কোম্পানিগুলো। কার্যক্রমহীন মডার্ন ডায়িং ছাড়াও দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—রহিমা ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ওয়েল্ডিংয়ের মতো প্রতিষ্ঠান। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার কথা বলেছেন।
তবে সার্বিকভাবে দেশের দুটি শেয়ারবাজারে দুই দিন মূল্য সংশোধনের পর গতকাল সোমবার আবার মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৮৮ পয়েন্ট।
গতকাল ডিএসই ও সিএসই দুই জায়গাতেই লেনদেনের প্রথমার্ধে সূচকের ভালো উত্থান দেখা গেলেও শেষার্ধে তা কিছুটা শ্লথ হয়ে পড়ে। নির্বাচন কমিশন জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করবে—এই খবর দুপুরের পর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীদের অনেকেই পিছুটানে চলে যান। বদৌলতে বাজারের গতি শ্লথ হয়ে যায়। তাঁরা মনে করেন, নির্বাচনী তফসিল ঘোষণায় আরও রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, দুপুরের আগে পর্যন্ত বাজারে বেশ ভালো গতি ছিল। কিন্তু দুপুরের পর তফসিল ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা দেখা দেয়। এতে বিক্রির চাপ কিছুটা বেড়ে যায়। ফলে সূচক কমতে থাকে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গত দুদিন বাজারে মূল্য সংশোধন হলেও লেনদেনের গতি বেশ ভালো ছিল, যা বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সহায়ক হয়েছে। এ কারণে মূল্য সংশোধনের পর আবারও সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা কম থাকে।
ঢাকার বাজারে গতকাল ২৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৯৫টির, অপরিবর্তিত ছিল ২৩টির। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে চার হাজার ৩৫৫ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯২ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে এদিন ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির। সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১১২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি। দিনশেষে এই বাজারের সার্বিক মূল্যসূচক বেড়ে হয়েছে ১৩ হাজার ৫২০ পয়েন্ট।