বন্ধ কোম্পানির আয় বাড়ছে!
চার বছর ধরে উৎপাদন বন্ধ। যন্ত্রপাতিও বিক্রি হয়ে গেছে। কোম্পানিটি লে-অফ (শ্রমিকের কর্মচ্যুতি) ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও কোম্পানি-ঘোষিত আর্থিক প্রতিবেদনে দেখানো হয়েছে, এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে। এমন ঘটনা ঘটেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মডার্ন ডায়িংয়ের বেলায়।
কোম্পানিটি গতকাল মঙ্গলবার অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হয়। তাতে ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়কালে কোম্পানিটির ইপিএস দেখানো হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ পয়সা। অর্থাৎ ২০১২ সালের জুলাই-ডিসেম্বর সময়ের চেয়ে ২০১৩ সালের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৩ পয়সা বেড়েছে।
অথচ ২০১৩ সালের নভেম্বর ডিএসইর এক সংবাদে বলা হয়েছে, ২০১০ সালের জানুয়ারি পর থেকে মডার্ন ডায়িংয়ের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। একই সময় থেকে কোম্পানিটি লে-অফ ঘোষণা করা হয়েছে। এমনকি এটির সব ধরনের যন্ত্রপাতিও বিক্রি করে দেওয়া হয়েছে। কোম্পানিটির কারখানা ভাড়া ভিত্তিতে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে উৎপাদনে না থাকার কারণে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে নিম্ন শ্রেণীভুক্ত করেছে। ‘বি’ শ্রেণী থেকে এটিকে জাঙ্ক বা দুর্বল মৌলভিত্তির ‘জেড’ শ্রেণীভুক্ত করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর শ্রেণী পরিবর্তনের এই সিদ্ধান্ত কার্যকর হয়।
উৎপাদন বন্ধ ও লে-অফ ঘোষিত কোম্পানির আয় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে দুই স্টক এক্সচেঞ্জের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো জবাব পাওয়া যায়নি। তবে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।
শেয়ারবাজার-সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ ও লে-অফ ঘোষিত কোম্পানির আয় বৃদ্ধির ঘটনা বিরল। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এ ধরনের ঘটনা কতটা আইনসংগত ও যৌক্তিক, তা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা। কীভাবে এই আয় বাড়ল, তাও জনসমক্ষে প্রকাশ হওয়া দরকার।
এদিকে চার বছর আগে লে-অফ ঘোষিত কোম্পানিটির শেয়ারের দাম ঢাকার বাজারে বেড়ে হয়েছে ৮১ টাকা ৪০ পয়সা। গতকালও কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম শূন্য দশমিক ২৫ শতাংশ বা ২০ পয়সা বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১৩ লাখ ৬৮ হাজার। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, মোট শেয়ারের ৪০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বাকি ৬০ শতাংশের মধ্যে ৫০ শতাংশ উদ্যোক্তা পরিচালক ও ১০ শতাংশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবির হাতে রয়েছে।
এদিকে গতকাল দেশের শেয়ারবাজার দরপতন ঘটেছে। দিনশেষে ডিএসইর প্রশস্ত সূচক আগের দিনের তুলনায় প্রায় এক শতাংশ কমেছে। লেনদেনও কমে হয়েছে ৫৯৩ কোটি টাকা।