বন্ধ থাকা ট্যানারি ঢাকা লেদার চালুর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন বন্ধ কারখানা ঢাকা লেদারকে পরিবেশবান্ধব করে তা আবার চালুর প্রস্তাব দিয়েছে ইতালির চামড়া শিল্প উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল। কারখানাটিকে তারা এমনভাবে গড়ে তুলতে চায় যেখানে হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চামড়া প্রক্রিয়াজাত করা যাবে।

বাংলাদেশ সফররত ইতালির দ্বিতীয় প্রজন্মের চামড়া শিল্প উদ্যোক্তা প্রতিনিধিদলের সদস্যরা গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে দেখা করে এ প্রস্তাব দিয়েছেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রতিনিধিদলের সদস্যদের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আধুনিক প্রযুক্তিতে চামড়া প্রক্রিয়াজাত না হওয়ায় বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডগুলো তা নিতে আগ্রহী হচ্ছে না। বাংলাদেশে এ প্রযুক্তিতে চামড়া প্রক্রিয়াজাত করা হলে তৈরি পণ্যের মূল্য সংযোজন এবং রপ্তানি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পমন্ত্রী তাদের এ প্রস্তাবকে ইতিবাচক বলে মন্তব্য করেন। প্রস্তাবটি যাচাই-বাছাই করে শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, জামাল আবদুল নাসের চৌধুরী, দাবিরুল ইসলাম, বিসিকের পরিচালক পতিত পাবণ বৈদ্য, ইতালির পরিবেশবান্ধব ট্যানারি বিশেষজ্ঞ অ্যান্তোনিও নাপ্পি, মারকো ফোগলি অ্যান্তোনিও লা পল্লা, পাওলো কুইরিসি, বাংলাদেশের আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।