>

অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন, বন্ধ পাটকলগুলো চালু করে সরকার মারাত্মক ভুল করেছে। এ বিষয়টিসহ পাটকল খাতের সার্বিক বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বেসরকারি পাটকলগুলোর সংগঠন বিজেএমএর সভাপতি শামস-উজ জোহা
প্রথম আলো: বেসরকারি পাটকলগুলোর কী অবস্থা? কতগুলো এখন বন্ধ?
শামস-উজ জোহা: বেসরকারি খাতের পাটকলগুলো কখনো রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়নি, এবার হয়েছে। এর বড় কারণ হলো বিশ্ববাজারে মন্দা চলছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে সংকট চলছে। এর প্রভাব পড়েছে। বর্তমানে বেসরকারি ৩৬টি পাটকল বন্ধ আছে। বাকি পাটকলগুলোর বড় অংশই বন্ধ হওয়ার পথে। ওই সব পাটকলের কয়েকটিতে এখন ১০ ভাগের এক ভাগ তাঁত চলছে। সরকারি পাটকলগুলো সচল রাখতে সরকার বিজেএমসিকে অর্থ দিচ্ছে, কিন্তু আমাদের পাটকল চালাতে অর্থ দেবে কে? আমাদের তো পাটচাষিদের টাকা পরিশোধ করতে হয়। চাষিদের টাকা যদি ঠিকমতো না দিই, তাহলে তো পরবর্তী মৌসুমে তাঁরা পাট উৎপাদন করবেন না। তখন পাটের দাম বেড়ে যাবে। পাটের দাম কমে গেলেও সমস্যা। সে কারণে পাটের দামে ভারসাম্য আনতে হবে।
প্রথম আলো: পাটকল খাতের এই অবস্থা কেন হলো?
শামস-উজ জোহা: সরকার এ পর্যন্ত বিজেএমসিকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে। এমন সুবিধা আমরা পাইনি। আমাদের জন্য বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালের ৩০ জুন ‘কাট অব ডেট’ ধরে পাঁচ বছরের সুদ ও আসল ব্লক অ্যাকাউন্টে রেখে দুই বছরের মরাটরিয়ামসহ ১০ শতাংশ সুদে পরিশোধের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছিল। কিন্তু কোনো কোনো সরকারি ব্যাংক এ নির্দেশের আংশিক বাস্তবায়ন করলেও বেসরকারি ব্যাংক তা করেনি। সরকার ২০১০ সালে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহারের আইন করলেও তা এখনো বাস্তবায়ন হচ্ছে না। এটি হলে একটি পাটকলও বন্ধ হতো না। এ ছাড়া শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয় ও কাঁচা পাটের মূল্য বেড়ে যাওয়া এবং পাটকলগুলোর তারল্য সংকটও এর জন্য দায়ী।
প্রথম আলো: সামনের দিনগুলোতে পাটশিল্প কোন দিকে যাচ্ছে?
শামস-উজ জোহা: সরকার যদি পাটশিল্পের জন্য ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে সামনে দুর্দিন। সাময়িক সময়ের জন্য আমাদের এখন সরকারি সহায়তা প্রয়োজন। এই সহায়তার দরকার ছিল ২০০৯ সালে, বিশ্বমন্দার সময়ে। কিন্তু তখন আমরা চেয়েও পাইনি। যথাসময়ে সহায়তা না পাওয়ায় সমস্যা অনেক বড় হয়ে গেছে। কিন্তু সরকার পাটশিল্পের জন্য কোনো সহায়তাই রাখছে না। গত বছর পাটপণ্যের রপ্তানির ওপর ১০ শতাংশ এবং পাটের সুতায় ৭ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা পাওয়া যেত, এবারের বাজেটে তা কমিয়ে যথাক্রমে ৭ দশমিক ৫ শতাংশ ও ৫ শতাংশ করা হয়েছে। দেশে একমাত্র আমরাই শতভাগ মূল্য সংযোজন করি। কিন্তু আমাদের সহায়তাই কমিয়ে দেওয়া হয়েছে।
প্রথম আলো: অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন, বন্ধ পাটকলগুলো চালু করা সরকারের মারাত্মক ভুল। আপনাদের কী মত?
শামস-উজ জোহা: এটা আসলেই ভুল হয়েছে। কারণ, এই উদ্যোগটা পরিকল্পিতভাবে হয়নি। দক্ষ লোক নিয়োগ দেওয়া যায়নি। আরেকটি বড় বিষয় হলো, বিজেএমসিকে সারাক্ষণ শ্রমিকদের বেতন কীভাবে দেবে, তা নিয়েই চিন্তা করতে হয়। আপনি যদি সব সময় বেতন নিয়েই দুশ্চিন্তা করেন, তাহলে পাটকলের উন্নয়ন করবেন কীভাবে?
সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত