বন্ধ হয়ে যাচ্ছে সৈয়দপুরের পোশাক কারখানাগুলো
‘আমাদের কোমর ভেঙে গেছে। তিন মাস ধরে বেচাকেনা নেই। ভারতে দুই লাখ ডলারের অর্ডার (রপ্তানি আদেশ) ছিল। ওই অর্ডার বাতিল হয়ে গেছে। শীতের কাপড় তো আর গরমে বিক্রি হয় না।’
আক্ষেপ করে বলা কথাগুলো শহীদ আতিয়ার কলোনির এইচ আর গার্মেন্টসের স্বত্বাধিকারী হামিদুর রহমানের। উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর সৈয়দপুরে ঝুট কাপড় থেকে পোশাক তৈরির যে শিল্প গড়ে উঠেছে, এইচ আর গার্মেন্টস তেমনই একটি কারখানা।
গত মৌসুমেও যে কারখানাটির শ্রমিকেরা দিনরাত কাজ করেছেন, সম্প্রতি সেখানে দেখা গেল, মেশিনগুলো অলস পড়ে আছে। চালানোর কেউ নেই। শ্রমিকেরা এখন ছুটিতে। গুদামে পড়ে আছে প্রায় এক কোটি টাকার জ্যাকেট, থ্রি-কোয়ার্টার প্যান্ট, ট্রাউজার, শটস্, টি-শার্ট।
হামিদুর রহমান বললেন, ‘শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে পারছিলাম না। তাই তাদের ছুটি দেওয়া হয়েছে। অনেক শ্রমিক বেকার হয়ে গেছে।’
এ আক্ষেপের কারণ জানুয়ারি থেকে চলমান টানা অবরোধ-হরতাল। ঝুট কাপড় তৈরির মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সৈয়দপুরের ৫০০ পরিবারের সবারই হামিদুর রহমানের মতো একই আক্ষেপ। কারণ, টানা অবরোধ-হরতালে এখানকার কারখানাগুলোতে অন্তত দুই লাখ পিস পোশাক আটকা পড়েছে। সময়মতো সরবরাহ করতে না পারায় অনেক কারখানার মালিকের অর্ডারও বাতিল হয়েছে। ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে সম্ভাবনাময় এ পোশাক কারখানাগুলো।
এ কারখানাগুলোর মালিকদের সংগঠন রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপের দাবি, গত তিন মাসে বিদেশে রপ্তানি প্রায় বন্ধ। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানের মার্কেটগুলোতেও পোশাক পাঠানো যাচ্ছে না। এতে তাদের আনুমানিক ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপের সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শীত মৌসুমে ভারতের বাজারে আমাদের তৈরি জ্যাকেটের ব্যাপক চাহিদা থাকে। এবার জ্যাকেটেই আমরা ক্ষতির শিকার হয়েছি।’ তিনি জানান, অবরোধ-হরতালের কারণে এরই মধ্যে সৈয়দপুরের ৮০টি কারখানা বন্ধ হয়ে গেছে। অন্যগুলোও বন্ধের পথে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, এখানকার একটি ক্ষুদ্র পোশাক কারখানা এম আর গার্মেন্টসের দরজা তালাবদ্ধ। এই কারখানাটি তুলনামূলক বড়, সেলাই মেশিন আছে ১০০টি। সব কটিই পড়ে আছে বদ্ধ কারখানার ভেতরে।
কারখানাটির স্বত্বাধিকারী মতিয়ার রহমান জানান, ‘আমি অর্ডার অনুযায়ী ভারতে পোশাক রপ্তানি করি। এবার শীতের পোশাক তৈরি করেছিলাম। জানুয়ারিতে পোশাক সরবরাহের জন্য অর্ডার পেয়েছিলাম। কিন্তু অবরোধ-হরতালে পাঠাতে পারিনি। এখন ভারতের ব্যবসায়ীরা আর এ পোশাক নিতে চাচ্ছে না। এখন আমার গুদামে এক কোটি টাকার পোশাক পড়ে আছে।’
আরেক কারখানা এন এইচ গার্মেন্টস খোলা, তবে তা বন্ধের মতোই। একজন বসে বসে কারখানার ২০টি সেলাই মেশিন পাহারা দিচ্ছেন। কারখানার মালিক নাজমুল হোসেন জানালেন, কুষ্টিয়া, পটুয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের কাছে পোশাক সরবরাহ করেন তিনি। কিন্তু অবরোধ-হরতালে গত তিন মাসে পোশাক পাঠাতে পারছেন না। তিনি বলেন, ‘টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছি না। সবাইকে ছুটি দিয়ে দিয়েছি।’
কারখানার মালিকেরা বলছেন, এ বছর এসএমই ফাউন্ডেশন থেকে (এনসিসি ব্যাংকের মাধ্যমে) তাঁরা আড়াই কোটি টাকা ঋণ পেয়েছেন। কিন্তু ব্যবসা না থাকায় ঋণগ্রহীতারা এখন উদ্বিগ্ন, কীভাবে তা পরিশোধ করবেন। তাঁরা এখন ব্যাংকের সহায়তা চাইছেন।
জানতে চাইলে এনসিসি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জানান, ব্যাংক কী ধরনের সহায়তা দিতে পারে কিংবা আদৌ দেবে কি না, সেটা তাঁর এখতিয়ারভুক্ত নয়। তাই এ বিষয়ে তিনি মন্তব্য করবেন না।