প্রায় ৫০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় অবশেষে বন্ধই হয়ে যাচ্ছে দেশের সবচেয়ে পুরোনো মুঠোফোন অপারেটর প্যাসিফিক টেলিকম বাংলাদেশ (সিটিসেল)। বকেয়া পরিশোধে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছিল সিটিসেল। তবে সেটি আমলে না নিয়ে আজ বুধবার থেকে অপারেটরটির কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিটিসেলের কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিটিসেলের কার্যক্রম বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটিসেলের গ্রাহক যাঁরা আছেন, তাঁদের বিকল্প সেবা নেওয়ার জন্য ১৬ আগস্ট পর্যন্ত প্রাথমিক সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় ২৩ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হলো।
সিটিসেলের কার্যক্রম বন্ধের চূড়ান্ত অনুমোদনের জন্য এ-সংক্রান্ত নথি গতকালই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানোর কথাও জানান প্রতিমন্ত্রী। এর আগে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৩১ জুলাই বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে সিটিসেল গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য ১৬ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।
সিটিসেলের কাছে বিটিআরসির বকেয়ার পরিমাণ ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে টুজি লাইসেন্সের তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি বাবদ পাওনার পরিমাণ ২২৯ কোটি টাকা। এ ছাড়া রাজস্ব ভাগাভাগি বাবদ ২৭ কোটি ৪৪ লাখ টাকা, বার্ষিক তরঙ্গ ফি বাবদ ২৭ কোটি ১৪ লাখ টাকা, সামাজিক সুরক্ষা তহবিলের ৮ কোটি ৯২ লাখ লাখ, বার্ষিক লাইসেন্স ফি বাবদ ১০ কোটি টাকা, মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ৩৯ কোটি ৯২ লাখ টাকা ও বিলম্ব ফি বাবদ ১৩৫ কোটি ৭ লাখ টাকা বকেয়া রয়েছে।
বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের কার্যক্রম বন্ধ হলে সরকারি প্রতিষ্ঠান টেলিটক ও বিটিসিএলের কী হবে—এমন প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, সরকার যেকোনো সময়ে সরকারি যেকোনো প্রতিষ্ঠানের বকেয়াকে পরিশোধিত মূলধন বা ঋণ হিসেবে গণ্য করতে পারে। সে কারণেই অন্য অপারেটরের সঙ্গে সিটিসেলের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। উল্লেখ্য, বিটিসিএল ও টেলিটকের কাছে বিটিআরসির বকেয়ার পরিমাণ ৩ হাজার ২৩০ কোটি টাকা।
১৯৮৯ সালে দেশের প্রথম মুঠোফোন অপারেটর হিসেবে টেলিযোগাযোগ সেবা দেওয়ার লাইসেন্স পায় সিটিসেল। ১৯৯৩ সালে যাত্রা শুরু করা সিটিসেলে বর্তমানে ৫৫ ভাগ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ ৩৭ দশমিক ৯৫ শতাংশ আর ফার ইস্ট টেলিকমের ১৭ দশমিক ৫১ শতাংশ। বাকি ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল। প্যাসিফিকের কর্ণধার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা এম মোরশেদ খান।
বর্তমানে সিটিসেলে ৪০০-এর বেশি কর্মী কর্মরত আছেন। এসব কর্মীর বেশির ভাগই নিয়মিত বেতন পান না। বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সিটিসেলের গ্রাহকসংখ্যা বর্তমানে ৭ লাখ ২ হাজার। সে হিসাবে প্রতিষ্ঠানটির বাজার দখল ১ শতাংশের কম। ২০০৬ সাল থেকে গত ১০ বছরে ধারাবাহিকভাবে গ্রাহক হারিয়েছে অপারেটরটি। দেশের একমাত্র সিডিএমএ (কোড ডিভিশন মাল্টিপল অ্যাকসেস) অপারেটর হিসেবে সিটিসেলের টাওয়ারের সংখ্যা ৮৫০-এর বেশি বলা হলেও বর্তমানে চালু থাকা টাওয়ারের সংখ্যা ২০০-এর কম বলে জানা গেছে।