বন্যা না বাড়লে নিয়ন্ত্রণে থাকবে জিনিসের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে জিনিসপত্রের দাম। জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ। লক্ষণীয় যে জুলাইয়ে খাদ্যের বাইরে অন্যান্য পণ্যের মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি।
সম্প্রতি বিবিএসের হালনাগাদ তথ্য অনুযায়ী, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। জুনে এ হার ছিল সাড়ে ৭ শতাংশ। অন্য দিকে জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৪ দশমিক ৩৫ শতাংশ, জুন মাসে ছিল ৪ দশমিক ২৩ শতাংশ। বিবিএসের হিসাবে দেখা গেছে, চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি, মসলা, তেল, ফল, চিনিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম গত জুনের তুলনায় জুলাইয়ে ২ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে।
জুলাইয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও বন্যা পরিস্থিতির কারণে কিছুটা সংকট তৈরি হয়েছে। বন্যায় দেশের প্রায় ১৬টি জেলা প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। পাশাপাশি বিপুল পরিমাণ ফসল, শাকসবজি ও গোসম্পদের ক্ষতি হয়েছে। যেমন—ফরিদপুরে ১৩৫ হেক্টরেরও বেশি জমির আউশ ধান নষ্ট হয়েছে। কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার হেক্টর জমির ফসল। গাইবান্ধা জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ৩ হাজার ৪৪০ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফসলের মধ্যে এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। বিভিন্ন জায়গায় বীজতলা ভেসে গেছে। এতে নতুন করে বীজতলা তৈরি করতে হবে কৃষকদের। আর্থিক ক্ষতির পাশাপাশি পিছিয়ে যাচ্ছে বীজতলা তৈরির কাজ। এতে এ নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি আগামী কয়েক মাস নিয়ন্ত্রণে নাও রাখা যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এহসান এইচ মনসুর বলনে, আগামী কয়েক মাস খাদ্য মূল্যস্ফীতি বাড়তে পারে। জুলাই থেকে আগস্টে বর্ষণ ও বন্যায় ফলন ব্যাহত হচ্ছে। বিভিন্ন জায়গায় রোপা আমন বীজতলা নষ্ট হয়েছে। তাই একটা চাপ থাকবে অর্থনীতিতে। বন্যার প্রকোপ না কমলে রোপা আমনের বীজতলা তৈরি করা যাবে না। পিছিয়ে যাবে চাষ। ফলে আগামী কয়েক মাস মূল্যস্ফীতির হার বাড়তে পারে।
তবে তা সাময়িক সময়ের জন্য। কয়েক মাসের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান এহসান এইচ মনসুর। ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সামনে যদি বন্যার প্রকোপ আর না বাড়ে, তাহলে অর্থনীতিতে নেতিবাচক কোনো প্রভাব লক্ষ্য করা যাবে না। বর্তমান মূল্যস্ফীতির হার সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বাড়লেও বিশেষ করে চালের দাম বাড়লেও তা সরকারের কাঙ্ক্ষিত ছিল। চাষিরা যাতে ধানের ভালো দাম পায়, এ জন্য চাল আমদানির ওপর শুল্ক বাড়িয়েছিল সরকার।
সরবরাহ ঘাটতি কমাতে দ্রুত রোপা আমনের চাষ শুরু করা প্রয়োজন বলে মনে করেন তিনি। বিশ্ববাজারে খাদ্য পণ্যের দাম কমেছে। সেখানে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে—এ বিষয়ে জানতে চাওয়া হলে মির্জ্জা আজিজুল ইসলাম জানান, মূল্যস্ফীতি এখন বেশ নিয়ন্ত্রণে। বাংলাদেশে চালের দাম বেড়েছে। যা কৃষকদের ধানের ন্যায্যমূল্য দিতে সরকারই বাড়াতে চাচ্ছিল। আর অন্যান্য পণ্য যেমন চিনি যা বিশ্ববাজারেও বেড়েছে। আর বাংলাদেশ যেহেতু আমদানি করে তাই বাংলাদেশেও দাম বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল জানান, মূল্যস্ফীতি দুটি বিষয় নিয়ে নির্ণয় করা হয়, একটি খাদ্যপণ্য অপরটি খাদ্য বহির্ভূত পণ্য। জুলাইয়ে খাদ্য বহির্ভূততে কমেছে এটা খুবই ইতিবাচক, আর খাদ্যপণ্যে বাড়লেও শঙ্কার কিছু নেই। খাদ্য মূল্যস্ফীতি বাড়লে উৎপাদনকারী অর্থাৎ কৃষকেরা কিছুটা লাভবান হন।
বন্যার প্রকোপ দীর্ঘস্থায়ী হলে খাদ্যমূল্য হয়তো কিছুটা বাড়বে, তবে তা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলবে না। কারণ, খাদ্য বহির্ভূত পণ্যের মূল্য কম থাকলে সার্বিক বাজার অবস্থা স্থিতিশীল থাকবে।