বন্যার কারণে কৃষক ও উদ্যোক্তাদের ঋণ সুবিধা দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ঋণ পরিশোধ না করলেও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষক ও এসএমই খাতের কুটির ও ক্ষুদ্র বা মাইক্রো উদ্যোক্তাদের নতুন ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য অর্থ জমা ছাড়াই তাদের ঋণ পুনঃতফসিল করতে বলা হয়েছে। এ ধরনের ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ৬ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড (ঋণ পরিশোধ শুরুর সময়) দেওয়া যাবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ক্ষেত্রবিশেষে ডাউন পেমেন্টের শর্ত শিথিলপূর্বক স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণ এবং এসএমই খাতের ঋণ পুনঃতফসিল করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বন্যার কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের ঋণগ্রহীতারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের পক্ষে ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। তা ছাড়া বন্যার কারণে আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় নীতিমালা অনুযায়ী কিস্তি বা ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এতে এসব ঋণ খেলাপি হবে, যাতে নতুন ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্থরতা দেখা যেতে পারে। এ জন্য নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার জন্য বলা হয়েছে।