বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ব্র্যাক
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। দেশের প্রতিটি উপজেলায় ৫০ হাজার টাকা করে আপত্কালীন বরাদ্দ রেখেছে সংস্থাটি।
ইতিমধ্যে বরাদ্দ থেকে বন্যা উপদ্রুত ঠাকুরগাঁওয়ে ২২ হাজার ৫০০ জন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩ হাজার ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার রাস্তার পাশে ১০০ টয়লেট, ২৫টি টিউবওয়েল এবং তার পাশে নারীদের গোসলখানা নির্মাণ করে দেওয়া হয়েছে। নদীর উপকূলবর্তী স্থানের অসহায় নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরে যাওয়া, বিশুদ্ধ খাবার সরবরাহ, সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। দিনাজপুর, নওগাঁ, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, যশোর ও কুড়িগ্রামের ২০ হাজারেরও বেশি মানুষ ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির ত্রাণ সহায়তার আওতায় এসেছেন। পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকাগুলোতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাক। বিজ্ঞপ্তি।