
নারী উদ্যোক্তাদের উন্নয়নে চলতি অর্থবছরের বাজেটে আবারও ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের এ সংস্থান নিয়ে এখন পর্যন্ত মোট ২৮০ কোটি টাকা এ খাতের জন্য বরাদ্দ হয়েছে। এর বিপরীতে বিভিন্ন কর্মসূচিতে অনুমোদন দেওয়া হয়েছে ৪০ কোটি টাকা। আর এ বরাদ্দ থেকে গত অর্থবছর পর্যন্ত দৃশ্যমান খরচ হয়েছে ১০ কোটি টাকার কিছু বেশি। বাকি টাকা সরকারের কোষাগারে ফেরত গেছে।
নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা তাঁদের জন্য বাজেটে পৃথক বরাদ্দ চেয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। সরকার সে দাবি মেনে বরাদ্দ দেওয়া শুরু করেছে। কিন্তু এখন অবস্থার উল্টো চিত্র। বরাদ্দ থাকার পরও নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠন তা খরচ করতে পারছে না। ফলে সংগঠনগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে সংগঠনের প্রতিনিধিরা বলছেন, বরাদ্দের অর্থ একদম অর্থবছরের শেষ সময়ে ছাড় করা হয়। যার কারণে তা কাজে লাগানো সম্ভব হয় না।
২০১২-১৩ অর্থবছরের বাজেটে প্রথম নারী উদ্যোক্তাদের উন্নয়নে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। ২০১৩-১৪ অর্থবছরে ৮০ কোটি এবং চলতি অর্থবছরে আবার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে চলতি অর্থবছরে বাজেট পাসের পর দুই মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মাত্র দুটি প্রস্তাব জমা হয়েছে। কিন্তু কর্মসূচির অনুমোদন বা কোনো অর্থ ছাড় এখনো করা হয়নি। এর আগের বরাদ্দ ব্যবহার করে এ পর্যন্ত একটি কর্মসূচি শেষ হয়েছে। বাজেট বরাদ্দের মধ্যে যেটুকু খরচ করা হয়েছে, তাও হয়েছে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের পেছনে। বর্তমানে তিনটি কর্মসূচি চলমান আছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে। নিয়ম অনুযায়ী, একেক কর্মসূচির বিপরীতে তিন বছরের জন্য ১০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়।
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সরকার নারী উদ্যোক্তাদের উন্নয়নে টাকা নিয়ে বসে আছে। নারীর ক্ষমতায়নে সরকারের এ খাতের বরাদ্দ হচ্ছে একটি বিশেষ বরাদ্দ। তবে সক্ষমতার অভাব বা যেকোনো কারণে সংগঠন বা কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থাগুলো তা খরচ করতে পারছে না। টাকা বরাদ্দ আছে, তাই বলে সরকার টাকা ছুড়ে মারবে না। যথাযথ প্রক্রিয়ায় সে টাকা সরকারের কাছ থেকে নিয়ে খরচ করতে হবে।
তবে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজেটের এ বরাদ্দ সম্পর্কে অনেকেই জানেন না। জানলেও কোন প্রক্রিয়ায় বা কীভাবে তা আবেদন করতে হবে, তাও অনেকে বুঝতে পারছেন না। সংগঠনগুলোর বরাদ্দ ব্যয় করার জন্য যে ধরনের সক্ষমতা দরকার, তা নেই বলেও তাঁরা খোলামেলা স্বীকার করেন। সরকারের এ বরাদ্দ ব্যয়ের তদারককারী হচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। তারাও অনেকটা অন্ধকারের মধ্যেই আছে। তবে মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, সংগঠনগুলো কর্মসূচির জন্য প্রস্তাব না নিয়ে এলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কিছু নেই।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) সরকারের কাছে নারী উদ্যোক্তাদের উন্নয়নে বরাদ্দ দেওয়ার দাবি জানায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। তার পর থেকেই এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।
অর্থ ফেরত: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও ২০১২-১৩ অর্থবছরে বিডব্লিউসিসিআই বাস্তবায়নকারী সংস্থা হিসেবে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’ নামে একটি মাত্র কর্মসূচি বাস্তবায়ন করে। এতে ৬৪ জেলা শহরে ও তিনটি উপজেলায় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির জন্য পাঁচ হাজার ৮৮০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ব্যয় হয় আট কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।
২০১৩-১৪ অর্থবছরে বাজেটে নারী উদ্যোক্তাদের উন্নয়নে ৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থবছরে বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও হোস্টেল সহায়তা কর্মসূচির বিপরীতে তিন কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ পায়। তবে এ খাতে খরচ হয় মাত্র ১৩ লাখ টাকার মতো। বাকি টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়।
২০১৩-১৪ অর্থবছরে বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তা উন্নয়ন রিসোর্স সেন্টার নামে আরেকটি কর্মসূচি শুরু করে। এতে চার কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দের মধ্যে দুই লাখ ৩০ হাজার টাকা খরচ হয়। বাকি টাকা ফেরত যায়।
এ ছাড়া গত অর্থবছরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশন, এফবিসিসিআই ‘নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক আরেকটি কর্মসূচি বাস্তবায়ন করে। এতে ব্যয় ধরা হয়েছে আট কোটি টাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদিত পণ্য ও সেবা বিপণন এবং বাজারজাতকরণের লক্ষ্যে উদ্যোক্তাবান্ধব চেম্বার গড়ে তোলা। গত অর্থবছরে এ কর্মসূচিতে দুই কোটি ছয় লাখ ১৫ হাজার টাকার মধ্যে খরচ হয় এক কোটি পাঁচ লাখ টাকা। এ কর্মসূচির আওতায় প্রায় ৪০০ জন নারীকে সেলাই ও কাপড় কাটা (কাটিং) এবং বিউটিফিকেশনের (রূপচর্চা) ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ কর্মসূচির পরিচালক কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, অর্থ ছাড় করতে দেরি হওয়ায় সব টাকা খরচ করা সম্ভব হয়নি। নারীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উপকরণসামগ্রীও দেওয়ার কথা ছিল। তবে সময়ের অভাবে উপকরণ কেনা সম্ভব হয়নি। চলতি অর্থবছরে ৭৪০ জন নারীকে প্রশিক্ষণ ও উপকরণসামগ্রী দেওয়া হবে বলে জানান কফিল উদ্দিন।
বিডব্লিউসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ প্রথম আলোকে বলেন, অর্থ মন্ত্রণালয় বিডব্লিউসিসিআইয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাজেটে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া শুরু করে। তবে অর্থ বরাদ্দ এবং বাস্তবায়নের গতি ধীর। এ ক্ষেত্রে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী বেসরকারি সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে দ্রুতগতিতে কাজ করতে হবে।
এফবিসিসিআইয়ের সহসভাপতি মনোয়ারা হাকিম আলী এ প্রতিবেদককে বলেন, এ ধরনের বরাদ্দ খরচের জন্য সংগঠনগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। এ ছাড়া নারী উদ্যোক্তারা যাতে শুধু ব্লক বা বাটিকের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে অন্যান্য ব্যবসাও করতে পারে, সে উদ্দেশ্যে নারীদের জন্য একটি ‘ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ করতে হবে। তবে কর্মসূচির প্রস্তাব মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে সরাসরি দেওয়া গেলে প্রক্রিয়াটা সহজ হতো—দাবি তাঁর।
তবে এ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, কোনো সংগঠন চাইলে সরাসরি অর্থ মন্ত্রণালয়েও প্রস্তাব পাঠাতে পারবে। পরে অর্থ মন্ত্রণালয় তা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয় করবে। কেননা কোনো একটি মন্ত্রণালয়কে পুরো প্রক্রিয়াটি সমন্বয় করতেই হবে।