বরাদ্দ কমছে রূপপুর, পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পে

অর্থবছরের শুরুতে বাড়তি বরাদ্দ নিলেও, বছরের মাঝামাঝি সময়ে এসে দেখা যায়, মন্ত্রণালয়গুলো ওই টাকা খরচ করতে পারছে না।

  • মূল এডিপির চেয়ে সংশোধিত এডিপিতে বরাদ্দ ১৭,৭৭৪ কোটি টাকা কম।

  • পদ্মা সেতু রেল-সংযোগ ও বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ বাড়ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু
ফাইল ছবি

সংশোধিত বাজেটে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল ও পদ্মা সেতুতে খরচ কাটছাঁট করা হচ্ছে। যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণেও বরাদ্দ কমছে। টাঙ্গাইলের এলেঙ্গা-রংপুর মহাসড়কের বরাদ্দও কমানো হচ্ছে।

তবে সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়ছে পদ্মা সেতু রেল-সংযোগ এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে। বরাদ্দ অপরিবর্তিত আছে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে এখন প্রায় ১ হাজার ৮০০টি প্রকল্প চলমান। এর মধ্যে ১০টি প্রকল্পকে সরকার অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাছাই করেছে। দেশে কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে এসব প্রকল্পকে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হবে।
প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনাসচিব

এখন সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২ হাজার ৪০০ মেগাওয়াট
বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে রাশিয়া ৯০ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। বাকি টাকা সরকার বহন করছে। চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয় ১৮ হাজার ৪২৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ১৪ হাজার ৮৩৬ কোটি টাকা করা হচ্ছে; অর্থাৎ সংশোধিত এডিপিতে এ প্রকল্পে বরাদ্দ ৩ হাজার ৫৯০ কোটি টাকা কমছে।

বরাদ্দ কমানোর কারণ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বছরের শুরুতে অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি আমদানিতে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বছর শেষে পুরোপুরি বাস্তবায়ন করা যাবে না। তাই আগেভাগেই বরাদ্দের টাকা ফেরত দেওয়া হচ্ছে। ফেরত যাওয়া পুরো টাকাই রাশিয়ান ঋণের।

চলতি বছরের বাজেটে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ ছিল ৪ হাজার ৮০০ কোটি টাকা। তা থেকে ৫৬৭ কোটি টাকা কমিয়ে ৪ হাজার ২৩৩ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পদ্মা সেতু প্রকল্পে মূল এডিপিতে বরাদ্দ ছিল ৩ হাজার ৫০০ কোটি টাকা। সেটি কমে ২ হাজার ৪৯৯ কোটি টাকা হচ্ছে। আগামী জুনে স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

উত্তরাঞ্চলে যাওয়ার পথে যমুনা নদীর ওপর আরেকটি রেললাইন নির্মাণে এ বছরের মূল বাজেটে বরাদ্দ করা হয় ৩ হাজার ৫৮০ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ প্রকল্পে ১ হাজার ৪০৩ কোটি টাকা কমিয়ে বরাদ্দ ২ হাজার ১৭৭ কোটি টাকা করা হচ্ছে।

তবে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে মূল এডিপির চেয়ে বরাদ্দ বাড়ছে। মূল এডিপিতে এ প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৮২৭ কোটি টাকা। সেটি বাড়িয়ে ৩ হাজার ৪৭২ কোটি টাকা করা হচ্ছে। পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ বাড়ানো হচ্ছে বাজেটে। মূল বাজেটে এ প্রকল্পে ৩ হাজার ৮২৩ কোটি টাকা রাখা হয়। এখন তা বাড়িয়ে ৬ হাজার ১৬২ কোটি টাকা করা হচ্ছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি ২০২০-২১ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। এতে সরকারি কোষাগার থেকে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি টাকা, আর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৮৮ হাজার ২৫ কোটি টাকা ঋণ পাওয়ার কথা।

জানা গেছে, সংশোধিত এডিপিতে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কাটছাঁট করা হচ্ছে, যার পুরোটাই বিদেশি ঋণ। ফলে সংশোধিত এডিপির আকার কমে ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা হচ্ছে। সংশোধিত এডিপিতে সবচেয়ে বেশি টাকা পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত, যা মোট বরাদ্দের ২৭ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যথাক্রমে বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং গৃহায়ণ ও কমিউনিটি খাত।

পরিকল্পনাসচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হবে।