বরাদ্দ চেয়ে মন্ত্রীদের তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মন্ত্রীদের চাপে পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)। নভেম্বর-ডিসেম্বর মাস এলেই চলমান প্রকল্পে বাড়তি বরাদ্দ কিংবা নতুন প্রকল্প পাস করার অনুরোধ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি লেখেন মন্ত্রীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত ডিসেম্বর মাসে অর্ধশতাধিক মন্ত্রী-সাংসদ নিজের নির্বাচনী এলাকা বা জেলায় নতুন প্রকল্প কিংবা চলমান বাড়তি বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছেন। জানুয়ারি মাসেও বেশ কিছু এমন চিঠি এসেছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।
ডিসেম্বর মাসেই মূলত ওই অর্থবছরের এডিপি সংশোধনের কাজ শুরু হয়। আর জানুয়ারি মাস থেকে পুরোদমে এডিপি সংশোধনের কাজ শুরু হয়। সংশোধিত এডিপিতেই প্রকল্পে বরাদ্দ হ্রাস-বৃদ্ধি অর্থাৎ পুনর্বিন্যাস করা হয়। তাই এডিপি সংশোধনের আগেই মন্ত্রী-এমপিরা নিজের এলাকার বা পছন্দের প্রকল্পে বাড়তি বরাদ্দ নিয়ে নেন কিংবা নতুন প্রকল্প পাস করিয়ে নেন।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনাসচিব ভূঁইয়া সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী-এমপিরা যেহেতু জনপ্রতিনিধি, তাই ওনারা নতুন প্রকল্প কিংবা বাড়তি বরাদ্দ চেয়ে লিখতে পারেন। তবে বরাদ্দ বৃদ্ধির এখতিয়ার পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই। অর্থ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সম্পদের সীমার মধ্যেই এডিপি সংশোধন করতে হয়।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রী-এমপিরা যদি কোনো গুরুত্বপূর্ণ ও পারফরম্যান্স ভালো এমন প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ চান, তখন পরিকল্পনা মন্ত্রণালয় ওই প্রকল্পে বাড়তি বরাদ্দ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দর-কষাকষি করে থাকে।’
উদাহরণ: কিশোরগঞ্জ জেলায় নিজ বাবার নামে করা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণের জন্য বাড়তি ৫০ কোটি টাকা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রকল্পটিতে চলতি অর্থবছরে ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গত অক্টোবর মাস পর্যন্ত ৫২ কোটি টাকা খরচ হয়ে গেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজের নির্বাচনী জেলা কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় পদ্মা নদীর ভাঙন ঠেকাতে ৮৩ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার কথা বলেছেন। আবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ নিজেই তিনটি পৃথক চিঠিতে ১২টি প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য পরিকল্পনামন্ত্রীকে অনুরোধ করেছেন। এর মধ্যে পাঁচটি প্রকল্প নতুন, কোনো বরাদ্দ এডিপিতে নেই। এই পাঁচটি প্রকল্পে নামমাত্র বরাদ্দ দিয়ে সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন পানিসম্পদমন্ত্রী। আর বাকি সাতটি প্রকল্প গত অর্থবছরে শেষ হওয়ার কথা ছিল। তাই এ বছর বরাদ্দ দেওয়া হয়নি।
বাড়তি বরাদ্দ কিংবা নতুন প্রকল্প চেয়ে এবার আরও যেসব মন্ত্রী ও প্রতিমন্ত্রী ডিও লেটার দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
রাজনৈতিক বিবেচনায় নয়, অর্থনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়া বা বাড়তি বরাদ্দ উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত। তিনি বলেন, ‘রাজনৈতিক সরকারের সময় মন্ত্রী-এমপিরা এমন চাহিদা সব সময়ই দেন, সেটা খুব বেশি খারাপ কিছু না। তবে ওনাদের দেওয়া প্রকল্পগুলো স্থানীয় বা জাতীয় রাজনৈতিক বিবেচনায় হলে সমস্যা হয়। ওমুকের বাড়ির সামনে নয়, তমুকের বাড়ির সামনে দিয়ে রাস্তা হতে হবে, তা যেন না হয়।’ তিনি মনে করেন, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নিলে এর গুণগত মান ঠিক থাকে না। সরকারি অর্থ লুটপাট হয়।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের তদারকিতে ৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। এই এডিপিতে বরাদ্দসহ ১ হাজার ১৮৭টি চলমান প্রকল্প রয়েছে। আর ৬৮৪টি প্রকল্প সবুজ পাতায় রয়েছে, যেগুলোর বরাদ্দ নেই ও অননুমোদিত। তবে এক বছরের ব্যবধানে বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্পের সংখ্যা দ্বিগুণ হয়েছে। গতবার এই ধরনের ৩৪৬টি প্রকল্প ছিল। প্রতিবছর এই ধরনের প্রকল্প এডিপির বইয়ের সবুজ পাতায় অন্তর্ভুক্ত থাকে এবং বছরজুড়ে তা অনুমোদন করা হয়। অনুমোদিত এসব প্রকল্পে বাড়তি বরাদ্দ দিতে গিয়ে প্রতিবারই বরাদ্দ ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে অনেক প্রকল্প চাহিদা অনুযায়ী বরাদ্দ পায় না।
চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৮টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। এসব একনেক সভায় মোট ৫৩টি নতুন প্রকল্প পাস করা হয়েছে। এর ফলে সংশোধিত এডিপিতে এসব প্রকল্পে ন্যূনতম বরাদ্দ দিতে হবে। আবার এডিপির কাটছাঁট করা হলে চলমান প্রকল্পের বরাদ্দও কমে যাবে।