আগামী ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ গত অর্থবছরের চেয়ে টাকার অঙ্কে ও শতাংশের হিসাবে কিছুটা বেড়েছে। তবে শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এই বৃদ্ধি ও বরাদ্দ প্রয়োজনের চেয়ে এখনো অনেক কম। এ বরাদ্দ দিয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করা যাবে না।
জাতিসংঘের সংস্থা ইউনেসকোসহ আন্তর্জাতিক ফোরামের ঘোষণা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৬ শতাংশ ও মোট বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের কথা। কিন্তু বাংলাদেশে এ বরাদ্দ এখনো জিডিপির দুই থেকে আড়াই শতাংশে ওঠানামা করছে। আর তা মোট বাজেটের ১৬ শতাংশও ছাড়াতে পারছে না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, এতে শিক্ষা ও প্রযুক্তি খাত মিলিয়ে মোট বাজেটের ১৫ দশমিক ৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা এবার সর্বোচ্চ। গতবার এই খাতে বরাদ্দ ছিল ১১ দশমিক ০৭ শতাংশ। তবে প্রযুক্তি খাতটির সঙ্গে শিক্ষার কিছু বিষয়ের মিল থাকলেও প্রযুক্তির অনেক ব্যয় শিক্ষা খাতের বাইরে হয়ে থাকে।
প্রস্তাবিত বাজেটে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মিলিয়ে দুই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ৪৯ হাজার ১০ কোটি টাকা। আর প্রস্তাবিত বাজেটে অর্থমূল্যে জিডিপির পরিমাণ ধরা হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ১৭ কোটি টাকা। তাতে শিক্ষা খাতে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ দাঁড়ায় জিডিপির আড়াই শতাংশ। চলতি অর্থবছরের মূল বাজেটে এই খাতে ১ দশমিক ৯৮ শতাংশ বরাদ্দ থাকলেও পরে সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২ দশমিক ১৫ শতাংশ। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বাজেটে অর্থমূল্যে জিডিপির পরিমাণ প্রায় ২ লাখ ৩১ হাজার ৪৫০ কোটি টাকা বেড়েছে। সেই হিসেবে শিক্ষা খাতে যেটুকু বরাদ্দ বেড়েছে, সেটাকে প্রকৃত অর্থে খুব বেশি বৃদ্ধি বলা যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, গতবারের চেয়ে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও যথেষ্ট নয়।