বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি ৫ মন্ত্রণালয় ও বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী অর্থবছরে (২০১৩-১৪) পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ সারা বছরে তাদের উন্নয়ন ব্যয় বরাদ্দের ৫০ শতাংশও খরচ করতে পারেনি।
এই মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, নির্বাচন কমিশন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ। খরচ করতে না পেরে এসব মন্ত্রণালয় ও বিভাগ ৩০০ কোটি টাকার বেশি ফেরত দিয়েছে।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের দুটি প্রকল্পের অনুকূলে এক কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ ছিল। কিন্তু সারা বছরে মাত্র ৯৭ হাজার টাকা খরচ করেছে। বাস্তবায়নের হার মাত্র ১ শতাংশ। অন্যদিকে তিন প্রকল্পে অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ তিন কোটি ৫২ লাখ টাকা। কিন্তু খরচ হয়েছে দুই কোটি ৪৩ লাখ টাকা বা ৭ শতাংশ।
এ ছাড়া আইআরডির পাঁচটি প্রকল্পে ৭৮ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ ছিল। খরচ হয়েছে ২৪ শতাংশ বা ১৮ কোটি ৫৩ লাখ টাকা। আর নির্বাচন কমিশনের চার প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল ৪০২ কোটি টাকা। বছর শেষে খরচ মাত্র ১৫০ কোটি টাকা বা ৩৭ শতাংশ।
দুই প্রকল্পের অনুকূলে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে আট কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ ছিল। সারা বছরে খরচ হয়েছে ২৩ কোটি ৩০ লাখ টাকা। বাস্তবায়নের হার ৪০ শতাংশ।