বরাদ্দের কম চাল পান হতদরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা দামে চাল বিক্রির কর্মসূচির সুবিধাভোগীরা তাঁদের প্রাপ্য চাল পাচ্ছেন না। বিতরণব্যবস্থার অদক্ষতার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরতে গতকাল শনিবার রাজধানী ঢাকার মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিটি নিয়ে আলাদা গবেষণা প্রতিবেদনও তৈরি করেছে সংস্থাটি।
সিপিডি জানিয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা ভর্তুকিমূল্যে একজন উপকারভোগীর মাসে ৩০ কেজি করে তিন মাসে মোট ৯০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু সরকারের হিসাবে কর্মসূচির আওতায় যে চাল বিতরণ ও উপকারভোগীর কথা বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক উপকারভোগী গড়ে ১১ কেজি করে চাল কম পেয়েছেন।
সরকারি তথ্য-উপাত্তের পাশাপাশি এ বিষয়ে জানতে সিপিডির পক্ষ থেকে নরসিংদী জেলায় সরেজমিনে গবেষণা ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় বলে জানায় সংস্থাটি। নরসিংদীতে সরেজমিনে যে তথ্য পেয়েছে সিপিডি গবেষক দল তাতে উপকারভোগী তিন মাসে ৯০ কেজির পরিবর্তে গড়ে ৮২ কেজি করে চাল পেয়েছেন।
কর্মসূচিটি সফল করতে সিপিডির পক্ষ থেকে কিছু সুপারিশ করা হয়। তার মধ্যে রয়েছে কর্মসূচির ব্যবস্থাপনা ও বাস্তবায়ন পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা, হতদরিদ্র নির্ধারণে একটি মানদণ্ড বা সংজ্ঞা তৈরি, উপকারভোগী নির্ধারণের ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ, তদারকি ব্যবস্থা জোরদার করা ইত্যাদি।