>

২০১৬–১৭ অর্থবছরের বাজেট থেকে কী পেলেন ব্যবসায়ীরা। চার ব্যবসায়ী সংগঠনের নেতারা জানালেন তাঁদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ ও শুভংকর কর্মকার
প্রথম আলো: প্রস্তাবিত বাজেটে পর্যটন খাতের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ কি পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে?
আকবরউদ্দিন আহমেদ: বাংলাদেশ টু্যরিজম বোর্ডের প্রস্তাবেই মূলত বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের বড় অংশই বিদেশে বাংলাদেশের পর্যটনশিল্পের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যয় করা হবে। এই সুযোগে সরকারের আমলারাই দেশ-বিদেশ ঘুরে বেড়াবেন। শেষ পর্যন্ত আসলে লাভের লাভ কিছু হবে না। আমি মনে করি, ব্র্যান্ডিংয়ের দায়িত্ব ব্যবসায়ীদের দেওয়া উচিত।
প্রথম আলো: পর্যটনশিল্পের বিকাশে আপনারা কী চেয়েছিলেন? শেষ পর্যন্ত কী পেলেন?
আকবরউদ্দিন আহমেদ: তিন বছর ধরে টু্যর অপারেটর প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দাবি করে আসছি আমরা। যাতে করে পর্যটকদের উন্নত পরিবহন সেবা দেওয়া যায়। কিন্তু কোনোভাবেই আমরা সরকারকে বিষয়টি বোঝাতে পারছি না। বর্তমানে হোটেল, মোটেল ও রিসোর্টের শয়নকক্ষের ভাড়ার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়। রেস্টুরেন্টে খাবারের মূল্যের ওপর ৭ শতাংশ মূসক দিতে হয়। এ জন্য কক্ষের ভাড়া ও খাবারের দাম অনেক বেড়ে যায়। এবারের বাজেটে কক্ষ ও খাবারের ওপর মূসক কমিয়ে যথাক্রমে ৭ ও ৪ শতাংশ করার দাবি করেছিলাম। তবে অর্থমন্ত্রী এ বিষয়েও কোনো ছাড় দেননি। দেশে জমির দাম অনেক বেশি। তাই হোটেল ও রিসোর্ট তৈরি করে শেষ পর্যন্ত কম দামে কক্ষ ভাড়া দেওয়ার সুযোগ হয় না। যেমন থাইল্যান্ডে ৪০-৪৫ ডলারে ভালো মানের হোটেল পাওয়া যায়। আমাদের এখানে তা সম্ভব না।
প্রথম আলো: বাজেটে আর কী সুবিধা চেয়েছিলেন?
আকবরউদ্দিন আহমেদ: পর্যটন খাতের জন্য আমরা বাজেটে কর অবকাশ-সুবিধা চেয়েছিলাম। যাতে করে ব্যবসায়ীরা পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে পুনর্বিনিয়োগ করতে পারেন। সেটি দেওয়া হয়নি। এদিকে চলতি বছর পর্যটনবর্ষ ঘোষণা করেছে সরকার। শুধু পর্যটনবর্ষ ঘোষণা করলে হবে না। এ জন্য অন্তত দুই বছর প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন দেশের দূতাবাস ও বিমানবন্দরে প্রচারাভিযান চালাতে হবে। যাতে করে পর্যটকেরা বাংলাদেশ সম্পর্কে জানেন ও ঘুরতে আসেন।