বরিশাল বিভাগের ৩৫ করদাতাকে সংবর্ধনা
বরিশাল বিভাগের ছয়টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় আয়করদাতার সংখ্যা বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি গত দুই বছরে। তবে জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ করদাতা হিসেবে বিভাগের ৩৫ জনকে সংবর্ধনা দিয়েছে বরিশাল কর অঞ্চল। গতকাল বুধবার সকালে বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার মো. আহসানউল্লাহ জানান, বরিশাল বিভাগে এবার মোট করদাতার সংখ্যা ৫৬ হাজার ৮৪০ জন, যা গত কর বছরের চেয়ে দুই হাজার ২৩১ জন বেশি। বরিশাল কর অঞ্চলের কর কমিশনার রাধেশ্যাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ সংবর্ধিত আয়করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. নূরুন্নবী তালুকদার ও শুল্ক (রেয়াত ও পরিবর্তন) পরিদপ্তরের মহাপরিচালক মো. নাসিরউদ্দিন।বরিশাল বিভাগে সিটি করপোরেশনের দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে মো. আতিকুর রহমান নিয়াজ ও মো. শাহজাহান খান এবং সর্বোচ্চ করদাতা হিসেবে কাজী শফিকুল আলম, মতিয়ার রহমান ও মো. মজিবর রহমান খান সন্মাননা পেয়েছেন।জেলাওয়ারি দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে সন্মানিত ব্যক্তিরা হলেন: শচীন্দ্রনাথ ঘোষ ও সুশীল কুমার ঘোষ (বরিশাল); টি আহমেদ ও আবদুর রশিদ মিয়া (ঝালকাঠি); রতন কুমার সরাই ও হিমাংশু কর্মকার (পিরোজপুর); হাবিবুর রহমান ফরাজী ও বেগম খুরশিদ জাহান (ভোলা); রত্তন শিকদার ও সুকুমার দাস (বরগুনা) এবং নুরুন্নাহার বেগম শিরিন ও সৈয়দ মোশারেফ হোসেন (পটুয়াখালী)।এ ছাড়া সর্বোচ্চ করদাতা হিসেবে সংবর্ধনা পেয়েছেন: গোলাম কবির সিকদার ও মো. আলাউদ্দিন ভূঁইয়া ও আশিকুল ইসলাম আজাদ (বরিশাল); মনিরুল ইসলাম তালুকদার ও মোসাম্মৎ নার্গিস আক্তার ও মো. মতিউর রহমান (ঝালকাঠি); মো. আশ্রাব আলী, অমল কৃষ্ণ বণিক, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন আহমেদ ও তপন কুমার বণিক (পটুয়াখালী); এ কে এম আক্তারুজ্জামান মাসুম, মো. আবদুল খালেক, মো. রাশেদুজ্জামান ও মো. জাকিরুল আলম (ভোলা); এবং মিজানুর রহমান, মোসাম্মৎ হেনারা বেগম ও মো. বাবুল মিয়া (বরগুনা)।