বরিশাল-রাজশাহী রুটে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা

ঢাকা-বরিশাল ও ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইনস। আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন বলেন, আগামী ১০ জুলাই থেকে ঢাকা-বরিশাল এবং ১১ জুলাই থেকে ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট চলাচল শুরু হবে।
ঢাকা-বরিশাল রুটে রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার ফ্লাইট আসা-যাওয়া করবে। বরিশালের উদ্দেশে বিমানটি ঢাকা ছাড়বে বিকেল তিনটা ৩০ মিনিটে। ২৫ মিনিটে সেটি বরিশালে পৌঁছাবে। আর ঢাকার উদ্দেশে বিমানটি বরিশাল ছাড়বে বিকেল চারটা ২০ মিনিটে। এ রুটে প্রাথমিকভাবে ট্যাক্সসহ ওয়ানওয়েতে ভাড়া পড়বে তিন হাজার দুই শ’ টাকা।
ইউএস বাংলা এয়ারলাইনসের এমডি আরও বলেন, ১১ জুলাই থেকে ঢাকা-রাজশাহী রুটে সপ্তাহে তিন দিন শনি, সোম ও বুধবার ফ্লাইট চলাচল করবে। রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বে বিকেল ৩টা ১০ মিনিটে। গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৩০ মিনিট। আবার রাজশাহী থেকে ৪টা ১০ মিনিটে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ রুটেও প্রাথমিকভাবে ওয়ানওয়েতে ট্যাক্সসহ ভাড়া পড়বে তিন হাজার দুই শ’ টাকা।