বরিশালে ঈদের বাজার এখন বেশ জমজমাট
বিভাগীয় শহর বরিশালে এখন ঈদের বাজার বেশ জমজমাট। নগরের সর্বত্র বিক্রেতারা যেমন শাড়ি, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, জুতাসহ নানা ধরনের বাহারি সব ঈদপণ্যের পসরা সাজিয়ে বসেছেন, তেমনি ক্রেতারাও তাঁদের পছন্দ অনুযায়ী প্রচুর পরিমাণে কেনাকাটা করছেন। এই শহরে বড় কোনো শপিং কমপ্লেক্স গড়ে না ওঠায় ক্রেতাদের বেশির ভাগই এখনো ভিড় জমান চকবাজার ও হেমায়েতউদ্দিন সড়কের বিপণিবিতানগুলোতে। চকবাজার এলাকার এম রহমান, তাইতী ফ্যাশন, স্বদেশি, সোনিয়া ফ্যাশন, কুণ্ডেশ্বরী, ময়ূরী, জাহানারা মার্কেট, মর্ডান ফ্যাশনসহ সব দোকানেই প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।হেমায়েতউদ্দিন সড়কের ভেনাস, জহুরা মার্কেট, ইসলামিয়া মার্কেট, মাহমুদিয়া মার্কেটসহ ছোট-বড় বিপণিবিতান ও শাড়ির দোকানগুলোতে প্রচণ্ড ভিড় রয়েছে। এ এলাকার জাহান স্টাইল, নেক্সট প্লাস, দোয়েল, সজনী, চৈতী ফ্যাশনসহ সব দোকানেই এবারে ভালো বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান।কাটপট্টি সড়কের জামান ব্রাদার্স, জুম্মন ব্রাদার্স, খান ব্রাদার্স, এম রহমানসহ থান ও সিট কাপড়ের দোকানগুলোতেও এবার বেশ বিক্রি হয়েছে বলে বিক্রেতারা জানান।নগরের সৈয়দ ডিপার্টমেন্ট স্টোর্সের মালিক সৈয়দ রুবেল জানান, এবার সুতির কাপড় বেশি চলছে। দেশীয় থ্রিপিসের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি থ্রিপিসও বিক্রি হচ্ছে।নিম্ন ও নিম্নমধ্যবিত্তের বিপণিবিতান হিসেবে পরিচিত মহসিন মার্কেটে এখন সব শ্রেণী-পেশার মানুষই ভিড় করছে। এখানে দেশি-বিদেশি বাহারি সব নামের পোশাক তুলনামূলক কম দামে পাওয়া যায় বলে ক্রেতারা জানান।মহসিন মার্কেটে ৩০০ থেকে দেড় হাজার টাকায় শার্ট ও জিনেসর প্যান্ট, ২০০ থেকে ৪৫০ টাকায় টি-শার্ট এবং ৮০০ থেকে ১৫০০ টাকায় মেয়েদের পোশাক বিক্রি হচ্ছে।নগরের সদর রোডের পারফেক্ট টেক্সটাইলে টাঙ্গাইল শাড়িসহ, তাঁত প্রিন্ট, স্প্রে প্রিন্ট, হাফ সিল্ক, জামদানি, মসলিন প্রভৃতি দেশীয় শাড়ি বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম ৪০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা। এ ছাড়াও বরিশাল শহরের বাজার রোড, হাসপাতাল রোড, গির্জা মহল্লা, ডা. ছোবহান কমপ্লেক্স, বগুড়া রোডের সাজরিনি সুপার মার্কেট, পদ্মাবতী রোড, ফজলুল হক এভিনিউ সড়ক, নতুন বাজার, বাংলাবাজার, রূপাতলী, নথুল্লাবাদের দোকানগুলোতে ব্যাপক হারে ঈদের কেনাকাটা করছেন স্থানীয় লোকজন।