বরিশালে কিছু পণ্যের দাম আরেক দফা বাড়ল
রমজান মাসের শুরুতে বরিশালে বেশ কিছু নিত্যপণ্যের দাম আরেক দফা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, চিড়া, আদা, শুকনা মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ডাল, আলু, চিনির মূল্য ১৫ দিন ধরে স্থিতিশীল আছে। বেড়েছে মুরগির দামও। এতে সাধারণ ক্রেতারা বাজারে এসে হিমশিম খাচ্ছেন।
এদিকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১৫ মে থেকে বরিশাল নগরীর পাঁচটি স্থানে চারটি পণ্য খোলাবাজারে বিক্রি শুরু করলেও বাজারে তার তেমন কোনো প্রভাব নেই।
ব্যবসায়ীরা জানান, ১৫ দিন আগে বাজারে চিনি, আলু, দেশি রসুন, চাল, মুগডাল, সয়াবিন তেলের দাম এক দফা বৃদ্ধি পায়। মে মাসের প্রথম সপ্তাহের ৬২ টাকার চিনি এখন ৬৫ টাকা, ১৪ টাকার আলু ১৬ টাকা, দেশি রসুন ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, ছোলা ৮০ টাকা থেকে বেড়ে ৮৫ টাকা, মুগডাল ৯০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, দেশি পেঁয়াজ ২৮ টাকা থেকে বেড়ে ৩২ টাকা, খেসারির ডাল ৬৫ টাকা থেকে বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে সয়াবিন তেলের দামও বেড়েছে কেজিতে ২ টাকা।
গতকাল রোববার নগরীর বাজার রোড ও বাংলাবাজার, নতুন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫০ টাকা কেজির চিড়া ৬০ টাকা, ৫০ টাকা কেজির কাঁচা মরিচ ৬০ টাকা, ৯০ টাকা কেজির আদা ১০০ টাকা এবং শুকনা মরিচ ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগে এসব পণ্যের দাম বাড়ানো হয়। মুরগির বাজারও চড়া। দেশি মুরগি ৩৫০ টাকা থেকে বেড়ে ৪৪০ টাকা, সোনালি মুরগি ২১০ টাকা থেকে বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার রোডের মেসার্স পারভেজ স্টোরের মালিক মো. পারভেজ বলেন, প্রায় ১৫ দিন সব নিত্যপণ্যের দাম এক দফা বাড়ে। বাজারে চাহিদা বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী জোগান না থাকায় বাজারমূল্য বাড়ছে।
একইভাবে এ মাসের প্রথম সপ্তাহে চালের এক দফা মূল্য বৃদ্ধি পায় খুচরা বাজারে। ফড়িয়াপট্টির খুচরা বাজার ঘুরে জানা যায়, বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বেড়েছে। ফড়িয়াপট্টির একটি চালের দোকানের ব্যবস্থাপক বাবুল হাওলাদার বলেন, ধানের ফলন ভালো না হওয়ায় এ বছর চালের বাজার অস্থিতিশীল।
মো. শহিদুল্লাহ নামের রূপাতলীর একজন ক্রেতা গতকাল প্রথম আলোকে বলেন, ‘রমজান শুরু হওয়ার আগে নিত্যপণ্যের দাম এক দফা বেড়েছে। এখন আরেক দফা বাড়ল। কী করব, আমাদের তো উপায় নেই, কিনতে হবে।’
এদিকে টিসিবির দেওয়া চারটি পণ্যের মধ্যে চিনি ৫৫ টাকা, ছোলা বুট ৭০, মসুর ডাল ৮০ আর সয়াবিন তেল লিটারপ্রতি ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
টিসিবির ডিলার ও মেসার্স রানা এন্টারপ্রাইজের মালিক শেখ মো. মাসুদ রানা জানান, এবার তাঁরা অস্ট্রেলিয়ার ছোলা বুট ও মসুর ডাল, পুষ্টি সয়াবিন তেল ও দেশীয় মিলের চিনি পেয়েছেন।
তবে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের প্রধান হাওলাদার মো. মাসুম বলেন, অস্ট্রেলিয়ার ডাল দানা একটু বড় হওয়ায় ক্রেতারা তা কিনতে অনীহা প্রকাশ করলেও ডালের গুণগত মান ভালো। এটি নেপালি অ্যাংকর ডালের পরবর্তী মানের।