ব্যবসায়ীরা এ বছর কোরবানির পশুর চামড়ার দাম কম নির্ধারণ করায় বরিশাল থেকে সংগৃহীত চামড়ার একটি বড় অংশ পাচারের আশঙ্কা করা হচ্ছে। আড়তদারদের দাবি, মৌসুমি ব্যবসায়ীরা প্রতিবছরই চামড়া পাচার করেন। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারেরা বাজারমূল্যের চেয়ে কম দামে চামড়া কিনতে চান। তাঁদের কাছে বিক্রি না করে বাইরে বিক্রি করেন তাঁরা। এ কারণেই চামড়া পাচারের সুযোগ সৃষ্টি হয়। বরিশাল চামড়া ব্যবসায়ী সমিতির সদস্য নাসিরউদ্দিন বলেন, ‘এবার ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু দেশের বাইরে পাওয়া যাবে ১০০ থেকে ১২০ টাকা। ফলে মৌসুমি ব্যবসায়ীরা আমাদের কাছে না বিক্রি করে চামড়া পাচার করবেন।’ জানতে চাইলে বরিশালের পুলিশ সুপার এহসান উল্লাহ বলেন, অবৈধভাবে চামড়া পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।