বরিশালে জমজমাট ঈদবাজার
বরিশালের জমজমাট আয়োজনে চলছে ঈদবাজার। ক্রেতা আকৃষ্ট করতে নগরজুড়ে চলছে ব্যাপক প্রচারণা। ঈদে ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে আগে থেকেই বিক্রেতারাও পণ্যের পসরা সাজিয়েছেন। ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই বরিশালের ঈদবাজারের কেনাবেচা বেশ জমে উঠছে। বরিশালে বড় কোনো বিপণিবিতান গড়ে না উঠলেও নগরজুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোট-বড় অনেক মার্কেট। নগর ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে নগরের চকবাজার ও হেমায়েতউদ্দিন সড়কে ক্রেতাদের ভিড় বেশি। এসব এলাকার দোকানগুলোতে নারী-পুরুষ থেকে শুরু করে বাচ্চাদের নানা পোশাক পাওয়া যাচ্ছে। তার মধ্যে আয়োজনের ভিন্নতার কারণে এম আলী, তাইতী ফ্যাশন, স্বদেশি, সোনিয়া ফ্যাশন, কুণ্ডেশ্বরী, ময়ূরী, জাহান স্টাইল, নেক্সট প্লাস, দোয়েল, সজনীসহ বেশ কিছু দোকানে ক্রেতাদের ভিড় একটু বেশিই রয়েছে। এসব দোকানে সর্বনিম্ন সাড়ে ৪০০ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে শাড়ি, শার্ট, প্যান্টসহ নানা রঙের আর কারুকাজের তৈরি পোশাক। কাঠপট্টি সড়ক: কাপড় কিনে যাঁরা পছন্দসই পোশাক বানাতে চান, তাঁদের প্রিয় স্থান কাঠপট্টি। এখানের থান কাপড় ও ছিট কাপড়ের দোকানগুলোতে অপেক্ষাকৃত ভিড় বেশি। ওই এলাকার সৈয়দ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক সৈয়দ রুবেল জানান, সুতি, চিকেন, জর্জেট, রিভা, সিল্ক কাপড় থাকলেও এ বছর বেশি চলছে সুতি কাপড়। দেশীয় থ্রি-পিচের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি থ্রি-পিচগুলোর আকর্ষণও বেশ ভালো। থান কাপড়ের ক্ষেত্রে কারুকাজ করা কাপড়ের চাহিদা বেশি। মহসিন মার্কেট: নিম্ন ও নিম্নমধ্যবিত্তের মার্কেট হিসেবে এটি বেশ পরিচিত হলেও মহসিন মার্কেটে এখন সব শ্রেণী-পেশার মানুষই ভিড় করছে। এর প্রধান কারণ পণ্যের কম দাম। এই মার্কেটে ৩০০ থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে নারী-পুরুষের নানা রকমের পোশাক। পারফেক্ট শাড়ি হাউস: নগরের সদর রোডের পারফেক্ট টেক্সটাইলও রয়েছে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে। এখানে রয়েছে দেশীয় শাড়ির হরেক রকম আয়োজন। দেশি টাঙ্গাইল, তাঁত প্রিন্ট, সেপ্র প্রিন্ট, হাফ সিল্ক, জামদানি ও মসলিন কাপড়ের শাড়ি প্রসিদ্ধ। প্রতিটির দাম ৫০০ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। এর বাইরে সদর রোডে ছোবহান কমপ্লেক্স, ফকির কমপ্লেক্সে সব ধরনের তৈরি পোশাক পাওয়া যাচ্ছে। এর সঙ্গে ঈদ কার্ড কেনার জন্যও এটি উপযুক্ত স্থান।