বরিশালে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে: শিল্পমন্ত্রী
বরিশালে কোনো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) নয়, বরং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে তোলা হবে। ভোলা থেকে গ্যাস এনে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন করে এই এসইজেড গড়া হবে। গতকাল বুধবার বরিশাল সফরে এসে বরিশাল চেম্বার ও বিসিক শিল্প এলাকা পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। মন্ত্রী সকালে বরিশাল চেম্বার কার্যালয়ে মতবিনিময় এবং দুপুরে বিসিক শিল্প এলাকা পরিদর্শন করেন। চেম্বারের পক্ষে সভাপতি সাইদুর রহমান রিন্টু তাঁর লিখিত দাবিনামায় উল্লেখ করেন, জরুরিভিত্তিতে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে ভোলার গ্যাস বরিশালে এনে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও শিল্পকারখানায় সরবরাহ করতে হবে। তিনি কুয়াকাটায় আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলা, একটি আধুনিক ইপিজেড, কৃষিভিত্তিক শিল্পকারখানা, বরিশালকে বিশেষ মৎস্য অঞ্চল হিসেবে ঘোষণা ও দ্রুত তৃতীয় সমুদ্রবন্দর স্থাপন করারও দাবি জানান। বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ দাবি তুলে বলেন, ‘আমরা “হবে”তে বিশ্বাস করি না, কাজের বাস্তবায়ন দেখতে চাই।’ সভায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, দক্ষিণাঞ্চল অবহেলিত। এ অঞ্চলের উন্নয়নে শিল্পাঞ্চল গড়ে তোলা অত্যাবশ্যক।এসব দাবির জবাবে শিল্পমন্ত্রী বলেন, সারা বাংলাদেশকে শিল্পসম্মত দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। শুধু বরিশাল নয়, দক্ষিণাঞ্চলের পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে তৃতীয় সমুন্দ্রবন্দর গড়ে তোলার জন্য ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই ও অন্যান্য কাজ শুরু হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে বরিশালের জেলা প্রশাসক মো. আরিফ উর রহমান, বরিশাল চেম্বারের সহসভাপতি বিজয় কৃষ্ণ দে, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ ইউনুস, এস্টেট অফিসার মহসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।বিকেলে মন্ত্রী বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে এক সুধী সমাবেশে মিলিত হন।