বরিশালের দুটি গ্রামে যাচ্ছেন জিম ইয়ং কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আজ মঙ্গলবার বরিশালে আসছেন। তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প ঘুরে দেখবেন।
জিম ইয়ং কিম বিশেষ হেলিকপ্টারযোগে সকাল আটটার দিকে বরিশাল বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাঁকে সংবর্ধনা জানাবেন বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গেছে, জিম ইয়ং কিম বিমানবন্দর থেকে সড়কপথে বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে যাবেন। সেখানে তিনি এক ঘণ্টা অবস্থান করবেন। এ সময়ে তিনি ওই গ্রামের ফরাজি বাড়িসহ কয়েকটি বাড়িতে ক্ষুদ্রঋণ সহায়তা নেওয়ার মাধ্যমে গড়ে তোলা ক্ষুদ্র গরু ও হঁাস-মুরগির খামার, পুকুরের মাছ চাষ, বাড়ির আঙিনা ও পতিত জমিতে সবজি ও ফসলের চাষ এবং কম্পোস্ট সার তৈরির প্রক্রিয়া প্রত্যক্ষ করবেন। অর্থাৎ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে ক্ষুদ্রঋণ সহায়তার মাধ্যমে দারিদ্র্য জয়ের চিত্র সরেজমিনে দেখে যাবেন।
এদিকে বিশ্বব্যাংকের প্রধানের আগমন উপলক্ষে বরিশাল বিমানবন্দরসহ তিনি যেসব পথ ও জায়গায় যাবেন, সেগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিমানবন্দরে তাঁর নিরাপদ অবতরণ ও উড্ডয়নের জন্য গতকাল সোমবার মহড়া দিয়েছে একটি সি-প্লেন ও দুটি বিমান। কয়েক দিন ধরে নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।
বাবুগঞ্জ ইউএনও আফরোজা বেগম প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের প্রধানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাঁর নিরাপত্তাব্যবস্থা সার্বক্ষণিক তদারক করছেন জেলা প্রশাসক। প্রশাসনের বিশেষ অনুমতি ও পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তিকে পরিদর্শন স্থানে থাকতে দেওয়া হবে না।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাবুগঞ্জের রাকুদিয়া গ্রাম থেকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভরসাকাঠী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি ওই এলাকায় গ্রামীণ শক্তি ও টিএমএসএস পরিচালিত সৌরবিদ্যুতের সুফলভোগী দম্পতি সত্তার ব্যাপারী ও মমতাজ বেগমের বাড়ি পরিদর্শনে যাবেন।
জিম ইয়ং কিম বামরাইল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কুল পরিচালনা কমিটি এবং প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন।
উজিরপুর ইউএনও ঝুমুর বালা ও উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জিম ইয়ং কিম দুপুরের পর ঢাকায় ফিরে যাবেন।