বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিকভাবে আলু ও টমেটোর চাষ বাড়ছে
কয়েক বছর ধরে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিকভাবে আলু ও টমেটোর চাষাবাদ উল্লেখযোগ্য হারে বেড়েছে।তবে চাষাবাদ বাড়ার সঙ্গে সঙ্গে হিমাগারব্যবস্থা গড়ে না ওঠায় কৃষকেরা আলু ও টমেটো সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না। যেকারণে তাঁরা পচনশীল বলে জমিতেই তুলনামূলক কম দামে আলু ও টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় কৃষকেরা এলাকায় হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন।বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা জানান, আমন ধান ওঠার পর পরই তাঁরা এখন আর আগের মতো গম, আখ, সরিষা, মসুর, ছোলা, মটর ডাল ও কলা প্রভৃতি কৃষিপণ্যের আবাদ করেন না। তুলনামূলকভাবে বেশি লাভ হওয়ায় তাঁরা এখন নিজস্ব ও লিজ নেওয়া জমিতে আলু-টমেটোর আবাদই বেশি করছেন এবং প্রতিবছর এ দুটি ফসলের বাম্পার ফলনও পাচ্ছেন।সরেজমিন দেখা গেছে, প্রতিদিন ট্রাকে করে বরেন্দ্র অঞ্চলের আলু ও টমেটো ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নেওয়া হচ্ছে। এ ছাড়া সস ও চিপসের মতো মুখরোচক খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানিগুলোও এখানকার আলু ও টমেটো কিনে মজুদ করে রাখছেন।রাজশাহীতে আলুর জন্য বেশ কয়েকটি হিমাগার গড়ে উঠলেও, এখনো টমেটোর জন্য হিমাগার তৈরি হয়নি। জেলার গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুসফিকুর রহমান প্রথম আলোকে জানান, লাভজনক হওয়ায় তিনিও শিক্ষকতার পাশাপাশি তিন বছর ধরে নিজের জমিতে টমেটোর আবাদ করছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি ২০০৯-১০ মৌসুমে বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী জেলায় চার হাজার ৩০০ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে চার হাজার ৮২৫ হেক্টর জমিতে। ২০০৮-০৯ মৌসুমে এ জেলায় চার হাজার ৭৫৪ হেক্টর জমিতে টমেটো উত্পাদন হয়েছিল ১৪ লাখ তিন হাজার ৮৭ মেট্রিক টন।চলতি মৌসুমে রাজশাহী জেলায় ২৮ হাজার ২৯২ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৩ হাজার ৫০ হেক্টর জমিতে। ২০০৮-০৯ মৌসুমে এ জেলায় আলু উত্পাদন হয়েছিল ৮৯ লাখ নয় হাজার ৭২ মেট্রিক টন।রাজশাহী জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কার আলী প্রথম আলোকে বলেন, ‘সংরক্ষণসুবিধার অভাবে এ অঞ্চলের কৃষকেরা টমেটো অপরিপক্ব থাকা অবস্থায়ই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন। সেজন্য কৃষকদের স্বার্থরক্ষায় রাজশাহীতে সরকারিভাবে উন্নতমানের হিমাগার স্থাপন করা উচিত।’বাগমারা উপজেলার বাড়ী গ্রামের রেজাউল করিম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হওয়ার পরে চাকরির জন্য ঘোরাঘুরি করা ও বেকার বসে থাকার চেয়ে আলুর আবাদকে বেশি লাভজনক মনে করে পাঁচ বছর ধরে এ কাজ করছেন।এ অঞ্চলে আলুর ফলন ভালো হওয়ায় সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) পাশাপাশি হাইটেক অ্যাগ্রো, বেঙ্গল, আমান, জেনেটিকস ও এসিআই প্রভৃতি বেসরকারি কোম্পানিও টিস্যু কালচারের মাধ্যমে উত্পাদিত বীজ আলু কৃষকদের মধ্যে সরবরাহ করছে।ঢাকা থেকে আসা কৃষি তথ্যসেবার পরিচালক নজরুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘রাজশাহীর মাটি আলু চাষের জন্য উপযোগী। তাই সঠিক পরিচর্যার মাধ্যমে চাষাবাদ করলে মুন্সিগঞ্জের মতো রাজশাহীও আলুর জন্য খ্যাতি লাভ করবে।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী জেলার উপপরিচালক মহসীন আলী মিয়া বলেন, ‘সংরক্ষণের জন্য আরও হিমাগার স্থাপন করা হলে কৃষকেরা নায্যমূল্য পাবেন। এতে তাঁদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমবে।’