বর্জ্য থেকে বিদ্যুৎ নকশা পর্যায়েই আটকে আছে

সাভারের চামড়াশিল্প নগরে ট্যানারির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা এখনো নকশা তৈরিতেই আটকে আছে। এরপর সে নকশা চূড়ান্ত হবে, বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে। তারপর বিদ্যুৎ উৎপাদিত হবে। এদিকে কঠিন বর্জ্যে ভরে যাচ্ছে নির্ধারিত স্থান।
এ অবস্থায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
চামড়াশিল্প নগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারে (সিইটিপি) উৎপাদিত স্ল্যাজ বা কঠিন বর্জ্য থেকে পাঁচ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র চালানো যাবে বলে মনে করছে শিল্প মন্ত্রণালয়। এ জন্য ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর স্ল্যাজ পাওয়ার জেনারেশন সিস্টেম (এসপিজিএস) নির্মাণে ৬৮ লাখ ৩৭ হাজার ডলারের (প্রায় ৫৪ কোটি টাকা) কার্যাদেশ দেওয়া হয় চীনা প্রতিষ্ঠান জিংসু লিংঝি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানিকে। গত দুই বছরে তারা কেবল বিদ্যুৎকেন্দ্রটির নকশা তৈরি করেছে।
চামড়াশিল্প নগর প্রকল্প কার্যালয়ের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, বারবার তাগাদা দেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান সম্প্রতি খসড়া নকশা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শক দলের কাছে জমা দিয়েছে। বুয়েট তা পরীক্ষা-নিরীক্ষা করছে। নকশার বিভিন্ন বিষয় স্পষ্ট করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের পরামর্শক দলের প্রধান দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নকশা পর্যালোচনা চলছে। ঈদুল আজহার পরে বুয়েটের শিক্ষকেরা এটি নিয়ে বসে আলোচনা করবেন। তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে এক বছর সময় লাগার কথা। তবে এটা ঠিকাদারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। সিইটিপি নির্মাণে দেড় বছরের জায়গায় তারা চার বছর লাগাচ্ছে। তিনি বলেন, অবশ্য মাটি পাইলিংয়ের প্রয়োজন হলে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এক বছরের চেয়ে তিন-চার মাস বেশি লাগতে পারে।
ট্যানারিতে চামড়া পরিশোধনের পর দুই ধরনের বর্জ্য উৎপাদিত হয়। বিভিন্ন রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারে (সিইটিপি) পরিশোধন করে পানি নদীতে ফেলার কথা। এ তরল বর্জ্য পরিশোধন করতে গিয়েই কঠিন বর্জ্য উৎপাদিত হয়, যাকে স্ল্যাজ বলা হয়। তা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা।
এ শিল্পনগরে উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো নির্মাণের কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান জিংসু লিংঝি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি। প্রতিষ্ঠানটি যেমন সিইটিপি নির্মাণে বিলম্ব করেছে, তেমনি বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও আশানুরূপ পদক্ষেপ নিচ্ছে না।