বর্জ্য শোধনাগার ছাড়া নতুন কারখানা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বর্তমান সরকার বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ছাড়া পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রতি ক্ষতিকর কোনো শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেবে না। সরকার শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়ার আগেই শ্রমিকদের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করবে।গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘গ্রিন ভিশন ফর বাংলাদেশ লেদার ইন্ডাস্ট্রি’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। ইউরোপীয় কমিশনের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘পরিবেশগত ঝুঁকি হ্রাস এবং বাংলাদেশি চামড়াজাত পণ্যের রপ্তানি ক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্মেলনের আয়োজন করা হয়।শিল্পমন্ত্রী ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা থেকে হাজারীবাগের ট্যানারিগুলো দ্রুত সাভারে স্থানান্তরের জন্য সরকারকে আন্তরিকভাবে সহায়তা করতে ট্যানারি শিল্প-মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাজধানীর পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে ট্যানারি-মালিকদের অবশ্যই হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে স্থানান্তর করতে হবে। স্থানান্তরের প্রক্রিয়া শুরু হলে সরকার ট্যানারি-শিল্পের উদ্যোক্তাদের অন্যান্য সমস্যাও সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে মন্ত্রী উল্লেখ করেন।আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক গারহাট ওয়েবার। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশে ইউনিডো কার্যক্রমের প্রধান জাকি উজ জামান, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের ফার্স্ট সেক্রেটারি নিটো রে,্রডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান, বিএফএলএলএফইএর চেয়ারম্যান এম এ রশীদ ভূঁইয়া, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, বিএফজেডের প্রকল্পের সমন্বয়ক সিবলার সাবিন।দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ট্যানারি শিল্প-মালিক, লেদার টেকনোলজিস্ট, চামড়া বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকার শতভাগ দূষণমুক্ত জ্ঞানভিত্তিক ও আধুনিক প্রযুক্তির শিল্পায়নকে উৎসাহিত করছে। সরকার পরিবেশবান্ধব, উৎপাদনশীল ও জ্বালানি-সাশ্রয়ী যেকোনো শিল্প প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি সর্বাত্মক সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।ইসির প্রথম সচিব নিটো রে বলেন, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের চামড়াশিল্পগুলো যাতে পশ্চিমা দেশগুলোর পরিবেশগত চাহিদা পূরণে সক্ষম হয়, তা নিশ্চিত করা।স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক গারহাট ওয়েবার বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে চামড়াজাত পণ্য উৎপাদন করলে বাংলাদেশের ট্যানারিশিল্পের ব্যাপক প্রসার ঘটবে। তিনি এই শিল্পের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।সম্মেলনে বক্তারা বলেন, রাজধানীর হাজারীবাগে গড়ে ওঠা দুই শতাধিক ট্যানারি বর্তমানে ঢাকা মহানগরের অধিবাসীদের জন্য মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্য-ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ট্যানারি থেকে নির্গত তরল ও কঠিন বর্জ্য ক্যানসার, চর্মরোগসহ নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি করছে। তাঁরা পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী চামড়াশিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।