প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী শিল্পের উৎসে কর দ্বিগুণ করার প্রস্তাব বাস্তবসম্মত নয়। এটি এ খাতকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলবে। এসব কথা উল্লেখ করে রপ্তানিকারকদের সংগঠন ইএবি (এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বর্তমান হারেই উৎসে কর বহাল রাখার দাবি জানিয়েছে।রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করে ইএবি। সংগঠনের সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, সরকার রপ্তানিমুখী শিল্পের উৎসে কর দশমিক ৬০ শতাংশ (তৈরি পোশাক ছাড়া অন্য পণ্যে দশমিক ৭০ শতাংশ) থেকে বাড়িয়ে এক দশমিক ২০ শতাংশ করা যৌক্তিক হয়নি। বর্তমান উৎসে করহার বহাল রাখা এবং একে চূড়ান্ত দায়নিষ্পন্ন হিসেবে ঘোষণার দাবি করেন তিনি।ব্যাংক ঋণের উচ্চ সুদের হার শিল্পায়নের বড় বাধা—মন্তব্য করে সালাম মুর্শেদী সরকারের পক্ষ থেকে শিল্প খাতের জন্য একটি আলাদা ঋণ কাঠামো তৈরির প্রস্তাব করেন। এক প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেন, ‘বেশি দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কেনার যে প্রস্তাব সরকার দিয়েছে, তাতে সব মিলিয়ে প্রতি ইউনিটে খরচ পড়বে ১৮ টাকা। এটা অনেক বেশি।’বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামীন বলেন, ১ দশমিক ২ শতাংশ উৎসে কর কাটার অর্থ হলো, সরকার ধরেই নিয়েছে যে তৈরি পোশাক খাতের নিট মুনাফা ১২ শতাংশ। কিন্তু এটা হতেই পারে না। নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘নগদ সহায়তা এক ধরনের ভর্তুকি, এটা আয় নয়—এই বিষয়টি ২০০৯ সালে আমরা অর্থমন্ত্রীকে বুঝাতে পেরেছিলাম। সে কারণে তিনি এই কর প্রত্যাহার করেন। কিন্তু এখন কী এমন হলো যে আবার নগদ সহায়তার ওপর ৫ শতাংশ কর আরোপ করা হলো?’সংবাদ সম্মেলনে বাংলাদেশ চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি এম এ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ টেরিটাওয়েল লিনেন প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি এম আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।