বর্তমান বিএসইসি অত্যন্ত দক্ষ ও কার্যকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রা শুরুর পাঁচ বছরের মাথায় এসে পুঁজিবাজারবিষয়ক একাডেমিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। প্রথমবারের মতো এক বছর মেয়াদি ‘পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা’ কোর্স শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ কোর্সের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তবে বিআইসিএম-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, উদ্বোধন করা হলেও কোর্সটির শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। প্রথম ব্যাচে ৩৪ জন শিক্ষার্থী এ কোর্সে অংশ নিচ্ছেন। তবে এটির মোট আসনসংখ্যা ৪৫টি। এখন থেকে প্রতি চার মাস পর পর এই কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। ২০১০ সালে ইনস্টিটিউটটি কার্যক্রম শুরু করলেও এটি প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে।
এদিকে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্বকে ‘অত্যন্ত দক্ষ ও কার্যকর’ বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে শেয়ারবাজারকে অত্যন্ত ‘জটিল বাজার’ বলেও অভিহিত করেন তিনি।
অর্থমন্ত্রী বর্তমান বিএসইসিকে সবচেয়ে ‘দক্ষ ও কার্যকর’ বলে দাবি করলেও নিয়ন্ত্রক সংস্থাটির ভূমিকা নিয়ে বাজারসংশ্লিষ্ট ও বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে নানা অভিযোগ। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বর্তমান কমিশনের আমলে খুব ভালোমানের কোনো কোম্পানি শেয়ারবাজারে আসেনি। যেসব কোম্পানিকে কমিশন অনুমোদন দিয়েছে সেগুলোর অধিকাংশের মান নিয়ে রয়েছে প্রশ্ন। এমনকি নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর বেশ কয়েক বছর অতিবাহিত হলে বাজারে এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফেরেনি।
অর্থমন্ত্রীর দাবির বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসির যে অবস্থান, তা ধাপে ধাপে তৈরি হয়েছে। এটি একটি দীর্ঘ সময়ের সার্বিক প্রচেষ্টারই ফল। সার্বিকভাবে এটি কারও একক অর্জন নয়। তাই ঢালাওভাবে বর্তমান কমিশনকে “সবচেয়ে দক্ষ ও কার্যকর” বলাটা মোটেই যৌক্তিক বা গ্রহণযোগ্য কোনো দাবি হতে পারে না। সাম্প্রতিক সময়ে বর্তমান বিএসইসির কিছু সক্রিয় ভূমিকা আমাদের চোখে পড়ছে ঠিকই, কিন্তু সার্বিক বিশ্লেষণ করলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই তাদের অদক্ষতা ও সিদ্ধান্তহীনতা রয়েছে।’
বিআইসিএমের পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রাজধানীর তোপখানা রোডের একটি ভাড়া বাড়িতে মাত্র পাঁচজন স্থায়ী শিক্ষক বা ফ্যাকাল্টি নিয়ে ডিপ্লোমা কোর্সের মধ্য দিয়ে ইনস্টিটিউটটির একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এটির অবকাঠামো ও লাইব্রেরি-সুবিধা আন্তর্জাতিক মানের হলেও শিক্ষক রয়েছেন প্রয়োজনের চেয়ে কম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান, ডিপ্লোমা কোর্সের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন স্বতন্ত্র স্নাতকোত্তর ডিিগ্র-মাস্টার্স কোর্স চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। সেটি চালু করতে হলে অবিলম্বে এটিতে স্থায়ী আরও শিক্ষক নিয়োগ ও তাঁদের উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করা জরুরি।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। বক্তব্য দেন ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট আবদুল হান্নান জোয়ারদার। এ সময় বিএসইসির কমিশনার, বিআইসিএমের পরিচালনা পর্ষদের সদস্য, দেশের দুই স্টক এক্সচেঞ্জের সভাপতিসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও ডিপ্লোমা কোর্সের বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার অত্যন্ত জটিল একটি বাজার। এ বাজারে কাজ করতে হলে অতি বুদ্ধিমান হতে হয়। অনেক ধরনের জ্ঞান লাগে। তাই বিআইসিএমের শিক্ষা পুঁজিবাজার-সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে।
অর্থসচিব আসলাম আলম জানান, বর্তমান সরকারের আমলে পুঁজিবাজারের ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ফলে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে পুঁজিবাজারের অবদান বেড়েছে। যদিও এ সময়ে বাজারে দুর্ঘটনাও ঘটেছে।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান দাবি করেন, নানা সংস্কারকাজের মাধ্যমে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি বিআইসিএমের পুঁজিবাজারবিষয়ক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন।