বর্তমান মূসক হার বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে দোকানমালিকদের প্যাকেজ ভ্যাট বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা কার্যকর না করে বর্তমান মূসক হার বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
দোকান মালিক সমিতির নেতারা গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি এস এ কাদের।
চলতি অর্থবছরে ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের এলাকাভেদে ১১ হাজার, ৮ হাজার, ৬ হাজার ও ৩ হাজার টাকা মূসক দিতে হয়। কিন্তু অর্থমন্ত্রী এর পরিমাণ বাড়িয়ে আগামী অর্থবছরের বাজেটে যথাক্রমে ১৪ হাজার, ১২ হাজার, ৭ হাজার ২০০ ও ৩ হাজার ৬০০ টাকা প্রস্তাব করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্যাকেজ ভ্যাট বৃদ্ধি পেলে দোকানমালিকেরা বাড়তি চাপে থাকবেন। মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের হয়রানির মাত্রা বাড়বে। সংগঠনের নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন মূসকমুক্ত করা হয়েছে। এ অবস্থায় প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়ানো গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে এস এ কাদের বলেন, প্রস্তাবিত বাজেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা স্থান ও স্থাপনার মূসক অব্যাহতির আয়তনসীমা ৩০০ বর্গফুট থেকে কমিয়ে ১৫০ বর্গফুট নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে জড়িত পক্ষগুলোর (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা না করে এই আয়তনসীমা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
দোকান মালিক সমিতির মহাসচিব শাহ আলম খোন্দকার বলেন, এ বছরের শুরু থেকে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবহনসহ বিভিন্ন খাতে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকেই পুঁজি হারিয়ে পথে বসলেও তাঁদের কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়নি। এরপরও যখন তাঁরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখনই অতিরিক্ত করের দায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঘাড়ে চেপেছে।
প্রসংগত, সারা দেশে ২৫ লাখ দোকানমালিক আছেন। এর মধ্যে ৯০ শতাংশের বেশিই হলেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আবুল কাশেম পাটোয়ারী, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক হোসেন প্রমুখ।