বর্তমান সরকারের সময়েই রাজশাহী রেশম কারখানা চালুর আশ্বাস বস্ত্রমন্ত্রীর
বর্তমান সরকারের সময়েই রাজশাহী রেশম কারখানা চালু করার ঘোষণা দিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।বিগত জোট সরকারের আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া রাজশাহীর এই কারখানা পরিদর্শনে এসে গত মঙ্গলবার এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।রাজশাহী রেশম বোর্ডের সম্মেলনকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা এবং পাট ও বস্ত্রসচিব আশরাফুল মকবুল বক্তব্য দেন। এ সময় মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেশম বোর্ড ও বিএসআরটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাট ও বস্ত্রমন্ত্রী জানান, রাজশাহী রেশম কারখানার এই দুরবস্থার কথা এত দিন তাঁর জানা ছিল না। জানলে আরও আগেই এটি চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতো।আবদুল লতিফ সিদ্দিকী আরও বলেন, দেশে রেশম সুতার আমদানি কমানোর জন্য স্থানীয়ভাবে সুতা উৎপাদন করা হবে। তিনি বলেন, রেশম কারখানাটি চালু হলে রাজশাহীর ২০-২৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।