বর্ধিত উৎসে আয়কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটে কতিপয় এলাকার ফ্ল্যাট নিবন্ধনে ব্যবসায়ীদের উৎসে আয়কর হিসেবে এলাকাভেদে প্রতি বর্গমিটারে দুই হাজার টাকা নির্ধারণের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।সংগঠনটি ঘোষিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে বিদ্যমান আয়কর অব্যাহত রাখার জন্য অর্থমন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে। রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে বিদ্যমান আয়কর আইনের ৫৩ এফএফ ধারায় এই আয়কর প্রতি বর্গমিটারে ২৫০ টাকা প্রচলিত ছিল। কিন্তু প্রস্তাবিত এই বাজেটে উৎসে আয়কর এলাকাভেদে আট গুণ ও ৩ দশমিক ২০ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রিহ্যাব জানিয়েছে, এই আয়কর প্রস্তাব গৃহায়ণশিল্পকে নতুন সমস্যার সম্মুখীন করবে। সব ধরনের ফ্ল্যাটের মূল্য বাড়বে। এই অতিরিক্ত ব্যয়ের বোঝা ক্রেতাসাধারণের ওপর বর্তাবে। ফলে মানুষের অন্যতম মৌলিক অধিকার আবাসন ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যাবে। জমির অগ্নিমূল্য, উচ্চ নিবন্ধন ব্যয়, নির্মাণসামগ্রীর ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রবণতার কারণে এমনিতেই ডেভেলপারদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। উপরন্তু এই আয়কর বৃদ্ধি ‘বোঝার ওপর শাকের আঁটির’ নামান্তর বলে রিহ্যাব মনে করে।