বর্ধিত গৃহকর কমানোই এখন চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন তাঁর নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, নির্বাচিত হলে তিনি পাঁচ বছর কোনো গৃহকর বৃদ্ধি করবেন না। কিন্তু তিনি বরখাস্ত থাকার সময় দায়িত্বপ্রাপ্ত মেয়র এই কর বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। এর প্রতিবাদে শহরে নাগরিক আন্দোলন গড়ে উঠেছে। হরতাল হয়েছে।
বরখাস্ত থাকা অবস্থায় মেয়র বলেছিলেন, দায়িত্ব ফিরে পেলে এই কর কমিয়ে দেবেন। সম্প্রতি তিনি মেয়রের পদ ফিরে পেয়েছেন। এখন এই কর কমানোর বিষয়টি তাঁর কাছে একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ, তাঁর মেয়াদে সিটি করপোরেশনের কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু কর কমানো হলে এই ব্যয় মেটানোই কঠিন হবে।
২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন মোসাদ্দেক হোসেন। এরপর একাধিক মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় ২০১৫ সালের ৭ মে সিটি মেয়র মোসাদ্দেক হোসেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত তাঁর বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণা করেন। গত ৫ এপ্রিল তিনি আবার মেয়রের চেয়ারে বসেন।
নির্বাচনের সময় তাঁর ২০ দফা ইশতেহারের প্রথম দফায় ছিল, ‘রাজশাহী নগরবাসীর করের বোঝা যাতে ভারী না হয়, সে জন্য আগামী পাঁচ বছর কোনো কর বা ট্যাক্স বৃদ্ধি করা হবে না।’ কিন্তু দায়িত্বে থাকার সময়ই গৃহকর নির্ধারণের জন্য মাপজোখ শুরু করা হয়। আর বরখাস্ত থাকার সময় দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম এই কর ৩০০ থেকে ৮০০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেন।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, মেয়র মোসাদ্দেক হোসেন দায়িত্ব নেওয়ার সময় সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাবদ মাসে প্রায় দুই কোটি টাকা ব্যয় হতো। নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার পর এ খাতে সিটি করপোরেশনকে প্রায় চার কোটি টাকা গুনতে হয়। বছরে লাগে ৪৮ কোটি টাকা। আর আনুষঙ্গিক খরচ মিলে ৫০ থেকে ৫২ কোটি টাকার প্রয়োজন পড়ে।
এই ব্যয় মেটানোর প্রধান উৎস রাজস্ব আয়। এই আয়ের অন্যতম উৎস হচ্ছে হোল্ডিং ট্যাক্স, সরকারি প্রতিষ্ঠানের রাজস্ব, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ফি ইত্যাদি। হোল্ডিং ট্যাক্স বাড়ানোর আগে এই খাত থেকে বছরে আয় হতো ২ কোটি ৮৫ লাখ টাকা। সরকারি প্রতিষ্ঠান থেকে রাজস্ব আসত প্রায় ৭ কোটি টাকা। এর সঙ্গে উন্নয়ন খাতের বরাদ্দ দিয়ে এই ব্যয় মেটানো হতো।
মোসাদ্দেক হোসেনকে বরখাস্ত করার পর দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযম এই হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে এই খাত থেকে আয় ছয় কোটি থেকে সাত কোটি টাকার পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোনো বাড়ির ১২ মাসের ভাড়ার ২ মাসের সমান হোল্ডিং ট্যাক্স ধরার কথা। তাঁরা সেটা কমিয়ে এক মাসের সমান করেছেন।
জানা গেছে, ইতিমধ্যে রাজশাহী নগরের ৬০ হাজার গৃহকরদাতার মধ্যে ৪০ হাজার করদাতা এই নিয়ম মেনে বর্ধিত হারে কর পরিশোধ করেছেন। কেউ আপত্তি দিলে শুনানি করে তা কমিয়ে দেওয়া হয়েছে। বাকি ২০ হাজার করদাতা করের এই বর্ধিত হারে কর পরিশোধ করেননি।
মেয়র মোসাদ্দেক হোসেন বরখাস্ত থাকার সময় বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে ‘নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদে’র পক্ষ নগরে অর্ধদিবস হরতালও পালন করা হয়। সংগঠনের আহ্বায়ক এনামুল হক বলেন, মোসাদ্দেক হোসেন এবার চেয়ারে বসার পরও তাঁদের সঙ্গে কথা হয়েছে। তিনি এখনো ট্যাক্সকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা বলছেন। তিনি বলেন, সিটি করপোরেশনের খরচ বাবদ তাঁরা ১০ শতাংশ পর্যন্ত গৃহকর বাড়ানোর পক্ষে। যদি তাঁদের দাবি না মানা হয়, তাহলে আদালতে তাঁদের রিট করাই আছে। তাঁরা শুনানি করবেন।
‘বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রতিরোধ কমিটি’ নামে আরও একটি সংগঠন একই দাবিতে আন্দোলন করছে। গত ১৮ মে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রাগিব আহসান বলেন, মেয়রের চেয়ারে বসার এক মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত সিটি করপোরেশন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করেনি।
এ ব্যাপারে মেয়র বলেন, কীভাবে বর্ধিত এই কর সমান্তরাল পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরও বলেন, শুনানির সময়ও অনিয়ম হয়েছে। স্বজনপ্রীতি করে কাউকে আগের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে, কাউকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অনিয়ম দূর করা হবে। আর করদাতাদেরও শ্রেণিবিভাগ করা হবে। কেউ হয়তো বস্তিতে বাস করছেন, কেউ নিজের বাড়িতে থাকেন, কেউ বাড়ি ভাড়ায় চলেন, কেউ বাণিজ্যিক এলাকায় থাকেন, সবার জন্য এক রকম ‘রেট’ হবে না। এভাবে যদি ব্যয়টা তোলা যায়, তাহলেই হবে। তিনি বলেন, এটা করতে সময় লাগবে। তা চ্যালেঞ্জিংও বটে।