বর্ষণজনিত জলাবদ্ধতায় সৈয়দপুর বিসিকে কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষণজনিত জলাবদ্ধতার কারণে সৈয়দপুর বিসিক শিল্পনগরীর ১৭টি শিল্প কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হবে বলে বিসিক কর্তৃপক্ষ ও উদ্যোক্তারা জানিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, টানা তিন দিনের বর্ষণে সৈয়দপুর বিসিক শিল্পনগরীর একাংশে প্রায় তিন ফুট উঁচু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এদিকে পানিনিষ্কাশনের দাবিতে শ্রমিক ও এলাকাবাসী গত সোমবার সড়ক অবরোধ করেন। এ সময় তাঁদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহামন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়ায় বিসিক শিল্পনগরীতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যে কারণে গতকাল মঙ্গলবারও এখানকার পানি নামেনি। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো পোদ্দার জুট মিল, আলম তারকাঁটা কারখানা, আবদুল্লাহ ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি, সোনালী কেমিক্যাল ইন্ডাস্ট্রি, শ্যামলী ফ্লাওয়ার মিল ইত্যাদি।সোনালী কেমিক্যাল ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আমিনুল ইসলাম অভিযোগ করেন, সৈয়দপুর বিসিক শিল্পনগরীর দক্ষিণ অংশে বর্তমানে একজন শিল্পপতির একটি বহুতল ভবন নির্মিত হচ্ছে। এ কারণে বিসিক শিল্পনগরীর পয়োনিষ্কাশন নালা তিন মাস আগেই বন্ধ হয়ে গেছে। এদিকে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. গোলাম রব্বানীও প্রথম আলোর কাছে স্বীকার করেন, বিসিক এলাকার পাশে একটি ভবন গড়ে ওঠায় পানিনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। পানিনিষ্কাশনে তিনি সৈয়দপুর পৌরসভার হস্তক্ষেপ কামনা করেন।পৌর মেয়র আকতার হোসেন বাদল জানান, দু-এক দিনের মধ্যেই বিসিক এলাকা থেকে পানিনিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এদিকে বিসিক শিল্প উদ্যোক্তারা জানান, তাঁরা এখানকার পনিনিষ্কাশনব্যবস্থা উন্নত করতে ইতিমধ্যে সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলমের মাধ্যমে শিল্পমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।