বর্ষবরণে পোশাক কেনাকাটার ধুম
বাংলা নববর্ষ উদ্যাপন সামনে রেখে পোশাক কেনাকাটার ধুম পড়ে গেছে। পয়লা বৈশাখে নতুন ও বাহারি পোশাক আর সঙ্গে বাঙালিয়ানা গয়না কেনা এখন অপরিহার্য। উৎসবের এই চাহিদা পয়লা বৈশাখভিত্তিক বাণিজ্যকে জমজমাট করে তুলেছে। রাজধানীর ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে এখন তাই ক্রেতাদের ভিড় যেন উপচে পড়ছে। সুযোগ বুঝে ব্যবসাও করে নিচ্ছে এসব হাউস। পয়লা বৈশাখ সামনে রেখে বাজারে আনা বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি-ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্টের দামও বেড়েছে। তবে কিছু ফ্যাশন হাউস এরই মধ্যে বৈশাখের পোশাকের ওপর নানা মূল্যছাড় ঘোষণা করেছে।ক্রেতারা বলছেন, এক মাস আগেও যে পাঞ্জাবির দাম সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা, সেটা এখন ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৮০০ টাকার নিচে বৈশাখের নকশা করা শাড়ি কোনো বুটিক ও ফ্যাশন হাউসেই বিক্রি হচ্ছে না।রাজধানীর আজিজ সুপার মার্কেট, বসুন্ধরা সিটির দেশিদশ, ধানমন্ডির বিভিন্ন বুটিক ও ফ্যাশন হাউসগুলোতে শোভা পাচ্ছে নানা রঙের পোশাক। বৈশাখ ঘিরে পোশাকের রঙে এসেছে বৈচিত্র্য। ঐতিহ্যবাহী লাল-সাদা রঙের পোশাকের পাশাপাশি এসেছে হলুদ, নীল, সবুজ, কমলা, বাসন্তী, খয়েরি, গোলাপি, সবুজ রঙের পোশাকও। আড়ং, অঞ্জন’স, অন্যমেলা, দেশাল, বিবিয়ানা, কে-ক্র্যাফট, স্বপ্নবাজ, গাওগেরাম, প্রবর্তনা, নিত্য উপহার, নাগরদোলা, রং, সাদাকালো, বাংলার মেলা, নিপুণসহ প্রায় সব হাউসই নিয়ে এসেছে হাতের কাজ করা ও বৈশাখী শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্ট।শাহবাগের আজিজ সুপার মাার্কেটে পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত। শাড়ির দাম ৮০০ থেকে দুই হাজার টাকা। কোনো কোনো শোরুমে এরও বেশি দামে পোশাক বিক্রি হচ্ছে।রাজধানীর বসুন্ধরা সিটির দেশিদশের সব হাউসেই রয়েছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি। এখানে পাঞ্জাবির দাম ৮০০ টাকা থেকে আড়াই হাজার টাকা। শাড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত।ফ্যাশন হাউস আড়ংয়ের সব পাঞ্জাবিই চোখে পড়ার মতো। তবে দাম একটু বেশি। এক হাজার টাকার নিচে নেই। তাদের তৈরি সিল্কের দুপিয়ান পাঞ্জাবি বিক্রি হচ্ছে চার থেকে ছয় হাজার টাকায়।কে-ক্র্যাফটসে পাওয়া যাচ্ছে কারচুপি, এমব্রয়ডারি, এপলিক, স্ক্রিনপ্রিন্ট, ব্লক ও হাতে কাজ করা শর্ট পাঞ্জাবি। দাম ৬৫০ থেকে এক হাজার ৫০০ টাকা।বাঙালির বর্ষবরণে আদিবাসীদের পোশাকি ঢং এখন বেশ সমাদৃত। সে কারণে অনেক বুটিক হাউসই এনেছে আদিবাসী ঢঙের বিভিন্ন পোশাক। এসব পোশাকের মধ্যে এক হাজার ২০০ থেকে চার হাজার টাকায় শাড়ি, এক হাজার ৬০০ টাকা থেকে সাড়ে চার হাজার টাকায় সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে। তাঁতে বোনা আদিবাসী থামি পাওয়া যাচ্ছে ৬০০ থেকে আড়াই হাজার টাকায়।আজিজ সুপার মার্কেটের দেশালের শোরুমের বাইরে কথা হয় সাদিয়া আবেদিনের সঙ্গে। তিনি বলেন, গত বছর বৈশাখে যে শাড়ি ৫০০ টাকায় বিক্রি হয়েছে, এ বছর তা-ই ৯০০ টাকায় বিক্রি করছে দেশাল। তবে দেশালের বিক্রয়কর্মীরা জানান, উৎপাদনখরচ বেড়ে যাওয়ায় পোশাকের দাম বাড়াতে হয়েছে।জানতে চাইলে স্বপ্নবাজের অন্যতম কর্ণধার পার্থ প্রতীম প্রথম আলোকে বলেন, ‘আমরা যে কাপড় দিয়ে পোশাক বানাই সেই কাপড় ও সুতার দাম বেড়েছে। তা ছাড়া ১০ কর্মঘণ্টার মধ্যে পাঁচ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সে জন্য বেশি সময় জেনারেটর চালাতে হয়। এসব কারণে খরচ বেড়ে যাচ্ছে।’বৈশাখে মেয়েদের গয়না: বৈশাখের গয়নায় মূলত প্রাধান্য পায় কাঠ, পুঁতি, মাটি, বাঁশ ও ধাতুর তৈরি গয়না। এর সঙ্গে থাকে প্লাস্টিক ও কাঠের বোতাম ও সুতার তৈরি নানা ডিজাইনের কানের দুল ও গলার মালা। তবে বিভিন্ন ফ্যাশন হাউসে মিলছে রুপা, গোল্ড প্লেট ও হরেক রকম পাথরের গয়নাও। নারিকেলের মালা, পাট ও পাথরের তৈরি কানের দুল ও গলার মালাও এবার বেশ চলছে।মাটির তৈরি গলার সেট ১০০ থেকে ৪৫০ টাকা, কাঠের ২৫০ থেকে ৭০০, পুঁথির ১০০ থেকে ৫০০, ধাতুর ২৫০ থেকে ৬৫০, গোল্ড প্লেটের দেড় হাজার থেকে ছয় হাজার টাকায় পাওয়া যাচ্ছে। আর মাটির তৈরি বালা ৩০ থেকে ৮০ টাকা, প্লাস্টিকের বালা ৩০ থেকে ২০০, কাঠের ৫০ থেকে ২৫০, ধাতুর বালা ৪০ থেকে ৮০০ ও কাচের চুড়ি ৪০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। গোল্ড প্লেটের বালা ৫০০ থেকে দুই হাজার ৫০০ ও রুপার ২০০ থেকে চার হাজার ৫০০ টাকা।এ ছাড়া মাটির কানের দুল ৩০ থেকে ৭০ টাকা, কাঠের ৪০ থেকে ১০০, বাঁশের ৩৫ থেকে ৮০, পুঁতির ৭০ থেকে ১৫০, গোল্ড প্লেটের ৯৫০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।