বর্ষা মেলা ও জামদানি প্রদর্শনী শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্যের দুটি প্রদর্শনী শুরু হচ্ছে আজ রোববার। একটি বর্ষা মেলা; যেখানে বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, তাঁতের শাড়ি, পাটের হস্তশিল্প, মধু, খাদ্যসামগ্রী প্রদর্শিত হবে। অন্যটি জামদানি শাড়ির প্রদর্শনী।
বর্ষা মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মতিঝিলে বিসিক কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় ৬৫টি স্টল থাকবে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বিসিক জানিয়েছে, সংস্থাটির নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্যসামগ্রীর পরিচিতি এবং বাজার সৃষ্টির মাধ্যমে তাঁদের সহায়তা করাই এ মেলার উদ্দেশ্য। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত।
জামদানি প্রদর্শনী হবে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। বিসিক ও জাতীয় জাদুঘর এর আয়োজন করেছে। এতে মোট ২৭টি স্টল থাকবে। উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত তেরছা, জলপাড়, পান্না হাজার, করোলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলা ফুল, আঙ্গুরলতা, ময়ূর প্যাঁচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড়, ঝুমকাসহ বিভিন্ন বাহারি নামের জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন। প্রদর্শনী শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা এবং অন্য দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আজ শিল্পমন্ত্রী
আমির হোসেন আমু ১০ দিনের জামদানি প্রদর্শনীর উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি