বসতপুর ও বন লাউডোবের নারীরা স্বাবলম্বী হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার বসতপুরের বেশির ভাগ পরিবারের অর্থ উপার্জনের দায়িত্ব নারীদের। কিছু দিন আগেও তাঁরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন এলাকায় কাজ নিতেন। এ কারণে নারীদের অনিশ্চিত জীবনযাপন করতে হতো। সমাজেও ছিল একধরনের অস্থিরতা।এখন সময় পাল্টেছে। বসতপুরের পরিবর্তনের হাওয়া লেগেছে। নারীরা এখন দলবেঁধে সেলাই আর সুচিকর্মের কাজ শিখতে যাচ্ছেন বসতপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে। ইতিমধ্যে অনেকেই প্রশিক্ষণ শেষে করেছেন। তাঁদের পণ্যসামগ্রী এখন রাজধানীর বুটিক হাউসে পাওয়া যায়।একইভাবে সুন্দরবনের ভেতরে খুলনার দাকোপ উপজেলার বন লাউডোব গ্রামের নারীরা আত্মনির্ভরশীল হচ্ছেন। বসতপুরের নারীদের মতো তাঁরাও সেলাইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। আর এসব সম্ভব হয়েছে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের জন্য। সিটি ব্যাংক বসতপুরের নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ৫২ লাখ টাকার অর্থায়ন করেছে। অন্যদিকে বন লাউডোবের প্রকল্পটিতে প্রায় ৬৫ লাখ টাকার অর্থায়ন করছে ব্যাংক আল ফালাহ ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।দুটি প্রকল্পই সমন্বয় বা তদারকি করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও মানুষের জন্য। আর স্থানীয়ভাবে বসতপুরের প্রকল্পটি বাস্তবায়ন করছে বাঁচতে শেখা ও দৈনিক গ্রামের কাগজ এবং বন লাউডোবেরটি করছে গ্রিন ওয়ার্ল্ড। উদ্যোক্তারা জানান, বসতপুরের প্রকল্পটির অধীনে ১২০ জন নারীকে সেলাই ও সুচিকর্মের প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে ৮০ জনের প্রশিক্ষণ শেষ। এ জন্য একটি স্থায়ী পাকা দালান নির্মাণ করা হয়েছে, যা বসতপুর মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষণকেন্দ্র নামে পরিচিত। আর দীর্ঘমেয়াদে এটি পরিচালনার জন্য রয়েছে স্থানীয় মহিলাদের সমন্বয়ে একটি সমিতি। প্রশিক্ষণ নিতে আসা রেহেনা আক্তার বলেন, ‘দুই মাস ধরে ট্রেনিং নিচ্ছি। সকালে টেইলারির আর বিকালে এমব্রডারির কাজ শিখি।’ তিনি জানান, প্রতিটি প্রশিক্ষণের জন্য এক হাজার করে মোট দুই হাজার টাকা দেওয়া হয় প্রকল্পের অধীনে। আর প্রতিদিন ২০ টাকা করে সমিতিতে সঞ্চয় করেন। প্রশিক্ষণকেন্দ্রের ইনচার্জ সেলিনা আক্তার জানান, সেলাই ও এমব্রয়ডারির পাশাপাশি কাপড়ের স্ক্রিন প্রিন্ট ও ব্লক বুটিকের কাজ শেখানো হচ্ছে নারীদের। কেন্দ্র থেকেই কাজ জোগাড় করে দেওয়া হচ্ছে। অন্যদিকে বন লাউডোবের প্রশিক্ষণকেন্দ্রে ইতিমধ্যে ৪০ জন নারী সেলাইয়ের প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে চলছে আরও ২০ জনের প্রশিক্ষণ। চলতি জুন মাসে প্রকল্পটি শেষ হবে।প্রশিক্ষণ নেওয়া স্বরসতী সরকার বলেন, এই গ্রামের নারীরা সংসারের সচ্ছলতার জন্য মাছের পোনা ও কাঁকড়া ধরতেন। এখন সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে অনেকেই ভালো আছেন। সংসারের কাজের ফাঁকে ফাঁকে উপার্জনের সুযোগ তৈরি হয়েছে।এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘সিএস কার্যক্রমকে মূল ধারায় নিয়ে আসতেই আমাদের এই উদ্যোগ। বন লাইডোবে আমরা এই প্রকল্পের অধীনে এখনকার ৩৫৫ পরিবারকে উন্নত চুলা দিয়েছি। বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা করেছি। এ ছাড়া একই সঙ্গে নারীদের প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে চলেছে।’ হাসিবুর রহমান আরও বলেন, ‘প্রকল্প শেষ হলেও প্রশিক্ষণ যেন শেষ না হয়, সে জন্য দুই কেন্দ্রকেই আমরা স্বাবলম্বী করার চেষ্টা করছি। শিগগিরই সেটা হয়ে যাবে। তখন স্থানীয়রাই এগুলো পরিচালনা করবেন।’ তিনি জানান, নারীদের তৈরি করা পণ্যসামগ্রী নিয়ে ঢাকায় ‘গাঁও স্বপ্ন’ নামে একটি বুটিক হাউস খোলা হবে।